জনতার কলম, আগরতলা, ৬জুলাই :- বিদ্যুতের মাশুল বৃদ্ধি, স্মার্ট মিটার চালু এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও গণঅবস্থান কর্মসূচি পালন করল সদর জেলা কংগ্রেস। সোমবার আগরতলার বিবেকানন্দ মূর্তির পাদদেশে অনুষ্ঠিত কর্মসূচি থেকে সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস নেতারা।
রাজ্যে বিদ্যুতের মাশুল বৃদ্ধি, স্মার্ট মিটার চালু এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ক্রমাগত মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার আগরতলার বিবেকানন্দ ময়দানের সামনে বিবেকানন্দ মূর্তির পাদদেশে বিক্ষোভ ও গণঅবস্থান কর্মসূচির আয়োজন করে সদর জেলা কংগ্রেস। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায়-সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা। বিক্ষোভ চলাকালীন সরকারবিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। আন্দোলনকারীদের অভিযোগ, মূল্যবৃদ্ধি ও বিদ্যুতের বাড়তি খরচে সাধারণ মানুষের নিত্যদিনের জীবনযাত্রা ক্রমশ দুর্বিষহ হয়ে উঠছে।
কংগ্রেস নেতৃত্বের দাবি, কোনও পূর্বঘোষণা ছাড়াই বিদ্যুতের মাশুল বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি স্মার্ট মিটার চালুর ফলে সাধারণ গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে। এছাড়াও ফুয়েল সারচার্জের নামে অতিরিক্ত অর্থ আদায়েরও অভিযোগ তোলে তারা। বিক্ষোভ মঞ্চ থেকে কংগ্রেস অবিলম্বে স্মার্ট মিটার ব্যবস্থা প্রত্যাহার, বিদ্যুতের বর্ধিত মাশুল ও ফুয়েল সারচার্জ বাতিল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানায়।কংগ্রেস নেতৃত্বের হুঁশিয়ারি, সাধারণ মানুষের স্বার্থে সরকার দ্রুত এই দাবিগুলি বাস্তবায়ন না করলে আগামী দিনে রাজ্যজুড়ে আরও বৃহত্তর গণআন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে। তবে কংগ্রেসের এই অভিযোগের বিষয়ে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।