জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ ‘ত্রিপুরা হেরিটেজ ভিলেজ’, ‘সঙ্গীত এক্সপেরিয়েন্স’ এবং কলকাতার নিক্কো পার্কের আদলে গড়ে ওঠা আধুনিক বিনোদন পার্কের অগ্রগতি খতিয়ে দেখতে আজ সরেজমিনে পরিদর্শনে যান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা, জিরানিয়া মহকুমা প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন স্তরের নির্বাচিত জনপ্রতিনিধি এবং স্থানীয় এলাকাবাসীরা। পরিদর্শনকালে প্রকল্পগুলির বর্তমান অবস্থা, চলমান নির্মাণকাজের গতি, গুণগত মান এবং সামগ্রিক অগ্রগতি নিয়ে বিস্তারিত মূল্যায়ন ও নিরীক্ষা করা হয়।
মন্ত্রী জানান, এই প্রকল্পগুলি সম্পূর্ণ হলে জিরানিয়া তথা ত্রিপুরার পর্যটন ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে। ‘ত্রিপুরা হেরিটেজ ভিলেজ’ রাজ্যের সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরবে, ‘সঙ্গীত এক্সপেরিয়েন্স’ পর্যটকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করবে এবং আধুনিক বিনোদন পার্কটি সব বয়সের মানুষের কাছে আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে।
পরিদর্শনের সময় স্থানীয় মানুষের মতামতও শোনা হয় এবং নির্মাণকাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রকল্পগুলির কাজ শেষ করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।
