দেশ
হরমুজ পরিস্থিতি সত্ত্বেও দেশে পর্যাপ্ত জ্বালানি, জানাল সরকার
জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে ভারত সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, হরমুজ প্রণালীর সাম্প্রতিক পরিস্থিতি সত্ত্বেও দেশে পেট্রোল, ডিজেল ও এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে।
সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে, আতঙ্কিত হয়ে পেট্রোল, ডিজেল বা এলপিজি মজুত না করতে এবং শুধুমাত্র সরকারি তথ্যের ওপরই ভরসা রাখতে। এলপিজি গ্রাহকদের ডিজিটাল প্ল্যাটফর্মে বুকিং করার পরামর্শ দেওয়া হয়েছে এবং অপ্রয়োজনে ডিস্ট্রিবিউটরের কাছে না যাওয়ার কথা বলা হয়েছে।
চাপ কমাতে বিকল্প জ্বালানি যেমন পিএনজি, ইলেকট্রিক বা ইন্ডাকশন কুকটপ ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি, জ্বালানি সাশ্রয়ের জন্য সকল নাগরিককে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
সরকার জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতেও গৃহস্থালি এলপিজি ও পিএনজি সরবরাহকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরবরাহ ও চাহিদা সামাল দিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে—যেমন রিফাইনারি উৎপাদন বৃদ্ধি, শহরে এলপিজি বুকিংয়ের ব্যবধান ২১ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন এবং গ্রামে ৪৫ দিন করা হয়েছে।
এলপিজির ওপর চাপ কমাতে কেরোসিন ও কয়লার মতো বিকল্প জ্বালানির সরবরাহ বাড়ানো হয়েছে। কয়লা মন্ত্রক রাজ্যগুলিকে অতিরিক্ত কয়লা সরবরাহের নির্দেশ দিয়েছে। একইসঙ্গে নতুন পিএনজি সংযোগ বাড়ানোর পরামর্শও দেওয়া হয়েছে।
সরকার আরও জানিয়েছে, মজুতদারি ও কালোবাজারি রুখতে কঠোর নজরদারি চালানো হচ্ছে। প্রয়োজনীয় পণ্য আইন অনুযায়ী রাজ্য সরকারগুলিকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ১০ এপ্রিল দেশজুড়ে ৩৪০০-র বেশি অভিযান চালানো হয়েছে। তেল বিপণন সংস্থাগুলি ২১৪টি এলপিজি ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে জরিমানা করেছে এবং ৫ জনের লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বর্তমানে দেশে এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে। ১০ এপ্রিল একদিনেই ৫১.৫ লক্ষের বেশি গৃহস্থালি এলপিজি সিলিন্ডার বিতরণ করা হয়েছে। অনলাইন বুকিং ৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ডেলিভারি অথেন্টিকেশন কোড ব্যবহারের হারও ৯৩ শতাংশ বেড়েছে। সরকার আশ্বাস দিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং জ্বালানির সরবরাহে কোনও ঘাটতি হবে না।

You must be logged in to post a comment Login