Connect with us

Uncategorized

২৯৫ রানের বিশাল জয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফি শুরু করল টিম ভারত

Published

on

জনতার কলম ওয়েবডেস্ক :- পার্থ টেস্টে ২৯৫ রানের বিশাল জয় তুলে নিয়েছে ভারত। ৫৩৪ রানের পাহাড়সম লক্ষ্য তাড়ায় ২৩৮ রানে গুটিয়ে গেছে প্যাট কামিন্সের দল। এশিয়ার বাইরে এটি ভারতের দ্বিতীয় সবচেয়ে বেশি রানের জয়; ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ৩১৮ রানের জয় তাদের রেকর্ড। আর অস্ট্রেলিয়ার বিপক্ষেও রানের হিসেবে এটি ভারতের দ্বিতীয় বড় জয়; ২০০৮ সালে মোহালিতে ৩২০ রানের জয় এখনও সেরা।

ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশড হয়ে অস্ট্রেলিয়া সফরে যায় ভারত। সিরিজ শুরুর আগে খেলেনি কোনো আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ। নিয়মিত অধিনায়ক রোহিত শার্মার সঙ্গে প্রথম ম্যাচে তারা পায়নি শুবমান গিলকেও। সবকিছু মিলিয়ে প্রবল চাপে থাকা দলটি কী দারুণভাবেই না ঘুরে দাঁড়াল! পার্থে টেস্ট জয়ী দ্বিতীয় এশিয়ান অধিনায়ক এখন বুমরাহ। ২০০৮ সালে ভারতের গ্রেট লেগ স্পিনার আনিল কুম্বলের নেতৃত্বে এখানে জিতেছিল ভারত।

এবারের জয়ে মূল কৃতিত্বটা দিতে হবে ভারপ্রাপ্ত অধিনায়ক জাসপ্রিত বুমরাহকেই। অনেক অদল-বদলে চেহারা বদলে যাওয়া দলকে চমৎকার নেতৃত্ব দিয়েছেন তিনি। সঙ্গে প্রথম দিন থেকে তার দুর্দান্ত বোলিং গড়ে দিয়েছে সবচেয়ে বড় ব্যবধান। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয়ভাগে নেন আরও ৩টি। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তারই হাতে।

অবদান কম নয় বাকিদেরও। দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট নিয়েছেন আরেক পেসার মোহাম্মদ সিরাজ। দুটি প্রাপ্তি স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দারের। একটি করে শিকার ধরেন হার্শিত রানা ও নিতিশ কুমার রেড্ডি।

দ্বিতীয় ইনিংসে ১৬১ রান করে ব্যাট হাতে জয়ের ভিতটা গড়ে দেন তরুণ ওপেনার ইয়াশাসভি জয়সওয়াল। আর খরা কাটানো সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে বিশাল লক্ষ্য ছুঁড়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ভারতীয় ব্যাটিং গ্রেট ভিরাট কোহলি।বিশাল লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়ার হয়ে যা একটু লড়াই করতে পেরেছেন হেড। ৮ চারে ১০১ বলে ৮৯ রান করেছেন বাঁহাতি ব্যাটসম্যান। পুরো ম্যাচে এটিই স্বাগতিকদের একমাত্র ফিফটি। ২ ছক্কা ও ৩ চারে ৪৭ রান আসে মিচেল মার্শের ব্যাট থেকে।

অপ্টাস স্টেডিয়ামে সোমবার ৩ উইকেটে ১২ রান নিয়ে খেলা শুরু করা অস্ট্রেলিয়া দিনের দ্বিতীয় ওভারেই হারায় উসমান খাওয়াজাকে। সিরাজের বলে রিশাভ পান্তের গ্লাভসে ধরা পড়েন অভিজ্ঞ ওপেনার। এরপর হেড ও স্মিথ মিলে কাটিয়ে দেন প্রথম ঘণ্টা। এই জুটিতে লড়াইয়ের আভাস দেয় অস্ট্রেলিয়া। জুটির রান ৫০ স্পর্শ করে ৯২ বলে। এর কিছুক্ষণ পরই স্মিথকে কট বিহাইন্ড করে ৬২ রানের যুগলবন্দি ভাঙেন সিরাজ। ৬০ বলে ১৭ রান করে ফেরেন অস্ট্রেলিয়ান তারকা।

৬৩ বলে ফিফটি করা হেড আর মার্শ মিলে প্রথম সেশন কাটিয়ে দেন। লাঞ্চের পর প্রথমবার আক্রমণে এসেই ৮২ রানের জুটি ভেঙে দেন বুমরাহ। হেডকে চমৎকার ডেলিভারিতে কট বিহাইন্ড করেন অভিজ্ঞ পেসার।কয়েক ওভার পর মার্শকে বোল্ড করে টেস্টে প্রথম উইকেটের স্বাদ পান অভিষিক্ত নিতিশ। চা বিরতির আগে ও পরে মিলিয়ে এক ওভারে জোড়া শিকার ধরেন ওয়াশিংটন। তার বলে ব্যাটে লেগে ধ্রুভ জুরেলের দুর্দান্ত ক্যাচে বিদায় নেন মিচেল স্টার্ক, আর বোল্ড হন ন্যাথান লায়ন।

অনেকটা সময় এক প্রান্ত আগলে রাখা অ্যালেক্স কেয়ারিকে দারুণ এক স্লোয়ারে বোল্ড করে অস্ট্রেলিয়ার ইনিংসের ইতি টেনে দেন হার্শিত। ২ চারে ৩৬ রান করেন অস্ট্রেলিয়ান কিপার-ব্যাটসম্যান।অ্যাডিলেইডে দুই দলের দিবা-রাত্রির টেস্ট শুরু আগামী ৬ ডিসেম্বর।

Continue Reading