জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১০ দফা দাবিকে সামনে রেখে সোমবার একদিনের প্রতীকী ধর্মঘটে সামিল হন ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের কর্মী ও আধিকারিকরা। জয়েন্ট ডেভেলপমেন্ট ফোরামের ব্যানারে এই কর্মসূচি পালিত হয় এবং রাজ্যের বিভিন্ন শাখায় এর প্রভাব পড়ে।
এই ধর্মঘটে অংশ নেয় ব্যাঙ্কের স্বীকৃত সংগঠনগুলি— টিজিবিইএ, টিজিবিইএফ, টিজিবিওএ এবং টিজিবিওইইউ। সংগঠনগুলির নেতৃত্ব জানান, কর্মীদের কাজের পরিবেশের উন্নয়ন এবং বেতন ও ভাতা সংক্রান্ত চুক্তিগুলি সঠিকভাবে কার্যকর করার দাবিতেই এই আন্দোলন।
তাদের দাবি, নাবার্ডের নবম জয়েন্ট নোট এবং দ্বাদশ বাইপার্টাইট সেটেলমেন্ট অনুযায়ী কর্মীদের প্রাপ্য সুবিধা দ্রুত কার্যকর করতে হবে। পাশাপাশি ব্যাঙ্ক শাখাগুলির সঠিক শ্রেণিবিভাগ, কাজের প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত কর্মী নিয়োগ এবং দৈনিকভিত্তিক ও স্যানিটেশন কর্মীদের ন্যূনতম মজুরি নিশ্চিত করার দাবিও তোলা হয়েছে।
সংগঠনগুলির আরও দাবি, কর্মীদের অধিকার সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা যথাযথভাবে কার্যকর করতে হবে এবং ব্যাঙ্ক কর্তৃপক্ষ ও কর্মীদের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ পরামর্শ কমিটি গঠন করতে হবে, যাতে স্বচ্ছতা বজায় থাকে।
এছাড়া ব্যাঙ্কের আধুনিক অবকাঠামো পরিকল্পনা এবং প্রয়োজনে নতুন প্রশাসনিক জোন তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়ার দাবি জানানো হয়েছে।
সংগঠনের প্রতিনিধিরা জানান, “এই প্রতীকী ধর্মঘটের মাধ্যমে আমরা ব্যাঙ্ক কর্তৃপক্ষের দৃষ্টি আমাদের ন্যায্য দাবিগুলির দিকে আকর্ষণ করতে চাই।” তারা আরও বলেন, কর্তৃপক্ষের সঙ্গে দু’দফা সমঝোতা বৈঠক হলেও এখনো কোনো সমাধান হয়নি। ফলে বাধ্য হয়েই কর্মী ও আধিকারিকদের আবার আন্দোলনের পথে নামতে হয়েছে।


Leave feedback about this