জনতার কলম ওয়েবডেস্ক :- গুজরাটের সোমনাথ মন্দিরে ‘সোমনাথ অমৃত পর্ব’ উপলক্ষে বিশেষ পূজা ও মহাপূজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুনর্নির্মিত সোমনাথ মন্দিরের উদ্বোধনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এই মহোৎসবের আয়োজন করা হয়। মহাপূজার পর অনুষ্ঠিত হয় কুম্ভাভিষেক ও পতাকা উত্তোলন অনুষ্ঠান।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সোমনাথ মন্দির অটল বিশ্বাস, আধ্যাত্মিকতা এবং ভারতের চিরন্তন আত্মার এক পবিত্র প্রতীক। তিনি বলেন, ‘সোমনাথ অমৃত পর্ব’ শুধু অতীত উদযাপনের উৎসব নয়, আগামী এক হাজার বছরের জন্যও এটি দেশের অনুপ্রেরণা হয়ে থাকবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সোমনাথ আমাদের মনে করিয়ে দেয় যে, কোনও দেশ তখনই দীর্ঘদিন শক্তিশালী থাকতে পারে যখন সে নিজের শিকড়ের সঙ্গে যুক্ত থাকে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, বিশ্বের কোনও শক্তিই ভারতকে মাথা নত করাতে বা দমিয়ে রাখতে পারবে না।
জাতীয় প্রযুক্তি দিবসের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, এই দিনেই ভারতের প্রথম তিনটি পরমাণু পরীক্ষার মাধ্যমে দেশের বিজ্ঞানীরা বিশ্বের সামনে ভারতের সক্ষমতা তুলে ধরেছিলেন। এই পরীক্ষাগুলি ভারতের রাজনৈতিক সদিচ্ছা ও দৃঢ়তারও প্রমাণ বহন করে বলে তিনি উল্লেখ করেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রী মোদি প্রভাস পাটনে পৌঁছে হামিরজি গোহিল সার্কেল পর্যন্ত এক কিলোমিটার দীর্ঘ রোড শো করেন। রাস্তার দু’ধারে জড়ো হওয়া বিপুল সংখ্যক মানুষকে তিনি শুভেচ্ছা জানান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং উপমুখ্যমন্ত্রী হর্ষ সংঘভি। সোমনাথ মন্দিরে যাওয়ার পথে ঢাক-ঢোল ও ডামরুর তালে তাঁকে স্বাগত জানান ভক্তরা।
প্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতেও পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে তিনি ভদোদরায় গিয়ে সরদারধাম হোস্টেলের উদ্বোধন করবেন।