জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় ‘সোমনাথ স্বাভিমান পর্ব’-এ অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ নিজের সনাতনী মূল্যবোধ ও ঐতিহাসিক ঐতিহ্যকে নতুনভাবে স্মরণ করছে। রবিবার আগরতলার সেন্ট্রাল রোডস্থিত শিববাড়ি প্রাঙ্গণে আয়োজিত রাজ্যস্তরের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মুখ্যমন্ত্রী জানান, যুব সমাজের বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও শিকড় সম্পর্কে সচেতনতা আরও বাড়বে। তাঁর মতে, ‘সোমনাথ স্বাভিমান’ শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি জাতীয় চেতনা ও আত্মমর্যাদার প্রতীক।
তিনি বলেন, দেশের সভ্যতা, সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য কখনও ভুলে গেলে চলবে না। নতুন প্রজন্মকে নিজেদের শিকড় সম্পর্কে আরও জানাতে হবে। বহুবার ধ্বংসের মুখোমুখি হওয়ার পরও সোমনাথ মন্দির আজও ভারতের অদম্য সভ্যতা, সাহস ও আধ্যাত্মিক চেতনার প্রতীক হয়ে দাঁড়িয়ে রয়েছে।
ডা. সাহা বলেন, ১০২৬ সালে মাহমুদ গজনির আক্রমণের মাধ্যমে সোমনাথ মন্দির প্রথম ধ্বংস করা হয়। এরপর বহুবার আক্রমণ ও ধ্বংসের ঘটনা ঘটলেও প্রতিবারই মন্দির পুনর্নির্মিত হয়েছে। স্বাধীনতার পর সর্দার বল্লভভাই প্যাটেলের দৃঢ় সংকল্পের ফলেই ৭৫ বছর আগে সোমনাথ মন্দিরের আধুনিক পুনর্নির্মাণ সম্ভব হয়েছিল।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপ্রেরণায় ২০২৬ সালের ১১ জানুয়ারি থেকে ২০২৭ সালের ১১ জানুয়ারি পর্যন্ত সারা দেশে ‘সোমনাথ স্বাভিমান পর্ব’ পালিত হচ্ছে। আগরতলার এই অনুষ্ঠানও সেই দেশব্যাপী উদ্যোগের অংশ। অনুষ্ঠানে সাংস্কৃতিক ঐতিহ্য ও জাতীয় গৌরবের বার্তা তুলে ধরা হয়।