2026-02-08
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাবার-চা-বাঁশ ঘিরে শিল্প সম্ভাবনা, আরবিএসএম-২০২৬-এ মন্ত্রীর বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের উন্নয়ন এবং বাজার সম্প্রসারণের লক্ষ্যে আজ আগরতলার হোটেল পোলো টাওয়ার্সে রিভার্স বায়ার সেলার্স মিট অনুষ্ঠিত হয়। শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি ৫০টি ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সংস্থার স্টলেরও উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর রিভার্স বায়ার সেলার্স বৈঠক অনুষ্ঠিত হয়। তাতে স্থানীয় উৎপাদকদের সঙ্গে বৃহৎ ক্রেতা সংস্থাগুলির সরাসরি ব্যবসায়িক আলোচনার সুযোগ ঘটে।

রিভার্স বায়ার সেলার্স মিটের উদ্বোধন করে শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, রাজ্যে উৎপাদিত রাবার, বাঁশ, চা, আগর, কুটির শিল্প এবং মরশুমি ফলকে ভিত্তি করে শিল্প কারখানা গড়ে উঠার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই ক্ষেত্রগুলিতে পরিকল্পিত ভাবে কাজ করলে রাজ্যের ব্যবসায়ীগণ লাভবান হবেন এবং রাজ্যের অর্থনৈতিক ভিত্তিও শক্তিশালী হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তিনি তুলে ধরেন। এই ক্ষেত্রে উন্নয়নের জন্য সম্প্রতি পেশ করা কেন্দ্রীয় বাজেটে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব রয়েছে। তিনি বলেন, রাজ্যে শিল্পের প্রসারে শিল্প ও বাণিজ্য দপ্তরের পক্ষ থেকে ব্যবসায়ীদের সব ধরণের প্রশাসনিক ও প্রযুক্তিগত সহায়তা করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ২০৪৭সালের মধ্যে ভারতকে শ্রেষ্ঠ দেশ এবং মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরাকে দেশের মধ্যে শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করার জন্য সব ধরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিতো, রাবার বোর্ডের জয়েন্ট রাবার কমিশনার এন সালিক, ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা দীপক কুমার। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন শিল্প ও বাণিজ্য দপ্তরের যুগ্ম সচিব সুভাষ চন্দ্র দাস।

কেন্দ্রীয় সরকারের এমএসএমই মন্ত্রক এবং শিল্প ও বাণিজ্য দপ্তরের উদ্যোগে আজ রিভার্স বায়ার সেলার্স মিট-২০২৬ অনুষ্ঠিত হয়। আরবিএসএম-২০২৬ এ দেশের ৩০টি শীর্ষস্থানীয় ক্রেতা সংস্থা অংশ নিয়েছে। অংশগ্রহণকারী সংস্থাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সিইএটি টায়ার্স, জেকে টায়ার্স, এমআরএফ টায়ার্স, আইটিসি, জেট ব্লেক, রিল্যাক্সো, প্রাণ বেভারেজ (ইন্ডিয়া), অন্নদা স্পাইসেস ইন্ডাস্ট্রি এবং জয়শ্রী টি এন্ড ইন্ডাস্ট্রিজ প্রভৃতি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service