2026-02-14
Ramnagar, Agartala,Tripura
রাজ্য স্বাস্থ্য

উন্নয়নের কারিগর ইঞ্জিনিয়াররা, সমাজসেবাতেও এগিয়ে: মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রকৌশলীরা হলেন আধুনিক ভারতের স্থপতি। পরিকাঠামোগত নক্সা তৈরি থেকে শুরু করে তার রূপায়ণ এবং অত্যাধুনিক প্রযুক্তির বিকাশে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা হলেন আধুনিক পরিকাঠামো নির্মাণের কারিগর। আজ সুকান্ত একাডেমির অডিটোরিয়ামে এসোসিয়েশন অব সার্ভিস ইঞ্জিনীয়ার্স অব ত্রিপুরা -এর যন্ত্র দ্বি-বার্ষিক সাধারণ সম্মেলন এবং রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা এ কথা বলেন।

 

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ইঞ্জিনীয়ারগণ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়কতাও পালন করছেন যা খুবই প্রশংসনীয়। দেশের সার্বিক উন্নয়নে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের রাজ্যেও প্রতিভাবান দক্ষ ইঞ্জিনীয়ার রয়েছেন। তারা রাজ্যে সার্বিক উন্নয়নে নিজেদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে প্রতিনিয়ত রাজ্যের উন্নয়নে কাজ করছেন। তিনি বলেন, বর্তমান যুগ কৃত্তিম বুদ্ধিমত্তার যুগ। তাকে কাজে লাগিয়ে নিজেদের আরও দক্ষ করে তুলতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, রক্তদানের মত সামাজিক কাজের কোনো বিকল্প নেই। রক্তদান মানুষের জীবন বাঁচানোর এক অনন্য প্রয়াস। তিনি বলেন, বর্তমানে রাজ্যে ১২টি সরকারী ও দুটি বেসরকারী ব্লাড ব্যাঙ্ক রয়েছে। রক্তদানে নিজেদের এগিয়ে আসতে এবং অন্যদেরও উৎসাহিত করতে মুখ্যমন্ত্রী সবার প্রতি আহ্বান জানান।

 

অনুষ্ঠানে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, ইঞ্জিনীয়ারগণ দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে তাদের কাজ করে যাচ্ছেন। পেশাগত কাজের বাইরে এসে রক্তদানের মত সামাজিক কর্তব্য পালন অত্যন্ত প্রশংসনীয়। বর্তমান রাজ্য সরকার মানবিক ভূমিকা নিয়ে ত্রিপুরাকে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গ্রামোন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সোনা রঞ্জন দেববর্মা। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন লক্ষণ সরকার। সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ লক্ষ টাকা দান করা হয়। মুখ্যমন্ত্রী রক্তদান শিবির পরিদর্শন করেন এবং রক্তদাতাদের উৎসাহিত করেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service