Site icon janatar kalam

তামাক ব্যবসায়ী সংস্থায় ইডির অভিযান, কোটি টাকার সম্পদ জব্দ

জনতার কলম ওয়েবডেস্ক :- বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত অনিয়মের অভিযোগে গুজরাটের আমদাবাদে বড়সড় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ, সোনা-রূপা ও গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে Enforcement Directorate (ইডি)।

ইডি সূত্রে জানা গেছে, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (FEMA), ১৯৯৯-এর অধীনে আমদাবাদের মোট ৯টি স্থানে তল্লাশি অভিযান চালানো হয়। এই অভিযানে ভারতীয় মুদ্রায় ১.০১ কোটি টাকা, বিদেশি মুদ্রা যার ভারতীয় মূল্য প্রায় ৩৩.৩৪ লক্ষ টাকা, বিদেশি চিহ্নযুক্ত ১.৬ কেজি ওজনের ১৬টি সোনার বার (আনুমানিক বাজারমূল্য প্রায় ২.৫ কোটি টাকা) এবং প্রায় ৮০ কেজি ওজনের ১৬৮টি রূপার বার (আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা) উদ্ধার ও জব্দ করা হয়েছে।

এছাড়াও দুবাইয়ে অবস্থিত একাধিক সম্পত্তির নথি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিল উদ্ধার হয়েছে, যা আনাস গ্রুপের অংশীদার ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যুক্ত বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

তল্লাশি চালানো হয় তামাক প্রক্রিয়াকরণ, প্যাকেজিং ও উৎপাদনকারী সংস্থা আনাস গ্রুপ ও তাদের অংশীদারদের দপ্তর ও বাসভবনে। সংস্থাটি “Amber Tobacco”, “Umda Tobacco” এবং “Sama Filter Khaini” ব্র্যান্ড নামে পণ্য বাজারজাত করে থাকে।

ইডি জানিয়েছে, জব্দ হওয়া নথিপত্র খতিয়ে দেখে বিদেশি সম্পত্তি ও মুদ্রা লেনদেন সংক্রান্ত আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

Exit mobile version