Monthly Archives
January 2025
প্রজাতন্ত্র দিবসের দিন রাজধানীতে উদ্ধার অগ্নিদগ্ধ অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৭৬ তম প্রজাতন্ত্র দিবসের দিন যেখানে গোটা দেশ জাঁকজমক ভাবে দিনটিকে উদযাপিত করছিল সেদিন এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী রইল উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্যের শহর রাজধানী আগরতলা। প্রজাতন্ত্র দিবসের দিন রাতে পশ্চিম আগরতলা থানার পুলিশ রাজধানীর কৃষ্ণনগর টিআরটিসি গেটের উল্টোদিকের গলি থেকে অগ্নিদগ্ধ অবস্থায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে উদ্ধার করে।
এদিন পশ্চিম আগরতলা থানা পুলিশের সাথে উদ্ধার কাজে ছুটে গিয়েছিল দমকলবাহিনী ও। উদ্ধার করে তাকে নিয়ে যাওয়া হয় রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত তাঁর পরিচয় জানা যায় নি।
দেশের প্রজাতন্ত্র দিবসের দিন রাজধানীতে এই চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হওয়ার পর নড়েচড়ে বসে রাজ্যের পুলিশ প্রশাসন সে দিকে লক্ষ্য রেখে সোমবার পশ্চিম থানার ওসি পরিতোষ দাস টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন। এছাড়া ঘটনাস্থলে ছুটে গিয়েছেন ফরেনসিকের ডেপুটি ডিরেক্টর সুমন চক্রবর্তীও। এদিনের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।
পরিবর্তনশীল বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য জ্ঞান লাভ অত্যন্ত জরুরি : রাজ্যপাল
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সন্ধ্যায় ইকফাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তর পূর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় ‘তরঙ্গ উৎসব-২০২৫’র উদ্বোধন করেন। অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ান ইউনিভার্সিটি ও ইকফাই বিশ্ববিদ্যালয় আয়োজিত যুবা সম্প্রদায়কে নিয়ে এই উৎসবের উদ্বোধন করে রাজ্যপাল ছাত্রছাত্রীদের পড়াশোনার উপর গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন, ক্রমাগত পরিবর্তনশীল বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য জ্ঞান লাভ অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে রাজ্যপাল শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেন এবং শিক্ষার মূল্যবোধ ও শৃঙ্খলার পরিবেশ গড়ে তোলার পাশাপাশি প্রবীণদের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।
অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু আরও বলেন, ছাত্রছাত্রীরাই আগামীদিনে প্রধানমন্ত্রীর স্বপ্নের বিকশিত ভারত-২০৪৭ গড়ে তোলার মূল শক্তি। এই লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়ার জন্য রাজ্যপাল ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইকফাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. বিপ্লব হালদার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেণারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন ও জার্নালিজম বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. বালা লাখেন্দ্র এবং অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ান ইউনিভার্সিটির অতিরিক্ত সচিব ড. মমতা রাণী আগরওয়াল। তরঙ্গ উৎসবে দেশের বিভিন্ন প্রান্তের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৮০০-রও বেশি ছাত্রছাত্রী অংশ নিয়েছে। এই উৎসব আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে।
শিল্প ও বাণিজ্য মেলায় লংতরাইয়ের স্টলে থাকছে বিনোদনমূলক অকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিবছরের মতো এবারো ৩৫ তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলায় নতুন কিছু ভাবনা নিয়ে অংশগ্রহণ করবে লং তরাই গুড়া মসলা খ্যাত অন্নদা স্পাইসেস ইন্ডাস্ট্রি। মেলায় কেনাকাটার উপর থাকছে সর্বাধিক ৫০ শতাংশ ছাড় ।এছাড়াও থাকছে বিভিন্ন বিনোদন মূলক ক্রীড়া অনুষ্ঠান স্পট কুইজ এবং রান্না প্রতিযোগিতা। সোমবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান অন্নদা স্পাইসেস ইন্ডাস্ট্রির জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথ।
আগামী ২৯ জানুয়ারি থেকে হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ৩৫ তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা শুরু হচ্ছে। এই মেলা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতি বছরের মত এবারো শিল্প ও বাণিজ্য মেলায় একাধিক নতুন ভাবনা নিয়ে অংশগ্রহণ করবে লংতরাই ব্র্যান্ড খ্যাত অন্নদা স্পাইসেস ইন্ডাস্ট্রি। এবছরও সংস্থার পক্ষ থেকে শিল্প ও বাণিজ্য মেলায় কেনাকাটার পাশাপাশি কিছু আকর্ষণীয় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে অন্নদা স্পাইসেস ইন্ডাস্ট্রি। শিল্প ও বাণিজ্য মেলায় এই সংস্থার স্টল নম্বর C-1, 2 এবং D-1,2 ।আগামী ২৯ জানুয়ারি বড়জ্বলাস্থিত বৃদ্ধাশ্রম আপনা ঘরের বৃদ্ধাদের দিয়ে এই স্টলের উদ্বোধন করা হবে ।অনুষ্ঠানে আপনাঘর কর্তৃপক্ষের হাতে কিছু অর্থ রাশি ও সরঞ্জাম তুলে দেওয়া হবে। এছাড়া মেলার প্রতিদিন অন্নদা স্পাইসেস ইন্ডাস্ট্রির টলে শঙ্খ ধ্বনি, উলু ধ্বনি ইত্যাদি বিনোদনমূলক ক্রিয়ার আয়োজন করা হয়েছে। এর সাথে থাকবে ফুচকা খাওয়া এবং রসগোল্লা খাওয়া প্রতিযোগিতা। এদিন সাংবাদিক সম্মেলনে রংতরাই ব্র্যান্ড খ্যাত অন্নদা স্পাইসেস ইন্ডাস্ট্রি’র জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথ এই সংবাদ জানিয়েছেন।
সাংবাদিক সম্মেলনে সংস্থার জেনারেল ম্যানেজার আরো জানান ,শিল্প ও বাণিজ্য মেলায় বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টজনদের সম্মাননা প্রদান করা হবে। এদের মধ্যে রয়েছেন প্রাক্তন সৈনিক, সাংবাদিক ,মৃৎ শিল্পী প্রবৃত্তি। মেলা প্রাঙ্গণে ছোটদের বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হবে। ৭ ফেব্রুয়ারি সকাল১১ টায় মেলা প্রাঙ্গনে হবে এই বসে আঁকো প্রতিযোগিতা। বয়সের উপর ভিত্তি করে চারটি বিভাগে এই প্রতিযোগিতা হবে ।তিনি আরো জানান ,এছাড়াও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা ,পুরুষ এবং মহিলাদের সরাসরি রান্না প্রতিযোগিতা থাকবে ।তিনি জানান ,শিল্প মেলায় ক্রেতাদের জন্য বিশেষ আকর্ষণ হবে বিভিন্ন সামগ্রীর উপর সর্বাধিক ৫০% ছাড় এবং ১০০০ টাকার কেনাকাটায় কুপনের ব্যবস্হা। এছাড়া মেলায় প্রতিদিন স্পট কুইজের আয়োজন করতে চলেছে অন্নদা স্পাইসেস ইন্ডাস্ট্রি।
সাংবাদিক সম্মেলনে অন্নদা স্পাইসেস ইন্ডাস্ট্রি’র জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথ আরো জানান, সম্প্রতি গোয়াহাটিতে আয়োজিত একটি অনুষ্ঠানে অন্নদা স্পাইসেস ইন্ডাস্ট্রিকে বিজনেস অ্যাওয়ার্ড প্রদান করেছে টাইমস অফ ইন্ডিয়া। সংস্থার উৎপাদিত দ্রব্য সামগ্রীর বিশুদ্ধতার উপর ভিত্তি করেই টাইমস অফ ইন্ডিয়া এই পুরস্কার প্রদান করেছে বলে জানান তিনি।
নেতাজী জন্মজয়ন্তী ও প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে মর্ডান ক্লাবের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভট্টপকুর মডার্ন ক্লাব নেতাজী জন্মজয়ন্তী ও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এবং ক্লাবের হীরক জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষে শনিবার ক্লাব প্রাঙ্গণে দাবা প্রতিযোগিতা ও এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত রক্তদান শিবিরের উদ্বোধন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য, তাছাড়া উপস্থিত ছিলেন কর্পুরেটর অভিজিৎ মল্লিক, শম্পা চৌধুরী সহ অন্যান্যরা।
বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, আগে ক্লাবগুলির ভেতর প্রতিযোগিতা চলতো কার কাছে কত অস্ত্রশস্ত্র আছে। এবং হানাহানি লেগেই থাকতো প্রতিটি ক্লাবের ভেতর। বর্তমানে বিজেপি সরকারের আমলে ক্লাব গুলির ভেতর প্রতিযোগিতা চলে কার থেকে কোন ক্লাব বেশি সামাজিক কর্মসূচিতে এগিয়ে আসবে তার।
রক্তদান শিবির নিয়ে বলতে গিয়ে তিনি বলেন আগের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে রাজ্যেই কিডনি প্রতিস্থাপনের মত ব্যবস্থা চালু করা হয়েছে যার সুফল পাচ্ছে রাজ্যবাসী।
৩৭ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা পঞ্চায়েত কর্মচারী সমিতির পঞ্চম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশনের সঙ্গে সঙ্গতি রেখে অবিলম্বে রাজ্যের কর্মচারীদের সব বকেয়া এবং সুযোগ-সুবিধা প্রদানের দাবি উঠল। ত্রিপুরা পঞ্চায়েত কর্মচারী সমিতির পঞ্চম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলনে এই দাবি উত্থাপিত হল। শনিবার আগরতলা প্রেসকাবে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
আগরতলা প্রেসকাবে শনিবার ত্রিপুরা পঞ্চায়েত কর্মচারী সমিতির পঞ্চম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শুরু হয় সংগঠনের বার্ষিক প্রতিবেদন পেশের মধ্য দিয়ে। প্রতিবেদন পেশ করেন ত্রিপুরা পঞ্চায়েত কর্মচারী সমিতির সম্পাদক শংকর সেনগুপ্ত। এই বার্ষিক প্রতিবেদনের উপর সংগঠনের বিভিন্ন সদস্য বক্তব্য পেশ করেন। রাজ্য সম্মেলন থেকে ৩৭ দফা দাবি সনদ গৃহীত হয়। দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য হলো অবিলম্বে ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে রাজ্য সরকারের কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের সুযোগ সুবিধা প্রদান করতে হবে, অবিলম্বে কেন্দ্রীয় সরকারের ন্যায় ২৩ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করতে হবে।
এদিন সম্মেলন প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরা পঞ্চায়েত কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক শংকর সেনগুপ্ত আরো জানান ,রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের কর্মচারীদের বদলির হিড়িক চলছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এই বদলি অবিলম্বে বন্ধ করতে হবে ।তিনি অভিযোগ করে বলেন ,সংগঠনের অনেক সদস্য ও সদস্যাদের এই সম্মেলনে যোগদান করতে বাধা দান করা হয়েছে। এই ঘটনার নিন্দা জানান তিনি।
এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমা থেকে সদস্যরা যোগদান করেন। সম্মেলন থেকে আগামী দিনে কর্মচারীদের স্বার্থে এই সংগঠনকে আরো শক্তিশালী করে তোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহিলাদের ক্ষমতায়ন না হলে সমাজ, রাজ্য ও দেশ শক্তিশালী হতে পারে না। সেই দিকে লক্ষ্য রেখে মহিলাদের ক্ষমতায়নে রাজ্য সরকার বিশেষ অগ্রাধিকার দিয়েছে। আজ আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে তৃতীয় রাজ্যভিত্তিক শহুরি সমৃদ্ধি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। তিনি বলেন, মহিলারা সমাজের চালিকাশক্তি, তাদের সম্মান দিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহিলাদের ক্ষমতায়নের উপর বিশেষ গুরুত্ব দিয়ে তাদের জন্য বেশ কিছু প্রকল্প চালু করেছেন। সার্বিক অর্থে সবকা সাথ, সবকা বিকাশ এবং সবকা প্রয়াসকে যুক্ত করে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার রাজ্যে কাজ করছে।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে রাজ্য সরকার সরকারি চাকুরিতে মহিলাদের সংরক্ষণ, টিএসআর ব্যাটেলিয়নে মহিলাদের নিয়োগ, গত বাজেটে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা নামে প্রকল্প চালু করা, গন্ডাতুইসা সরকারি ডিগ্রি কলেজে ৫০ আসন বিশিষ্ট ছাত্রী আবাস নির্মাণ করা হচ্ছে, মহিলাদের সুবিধার জন্য পিঙ্ক টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে। তাছাড়াও রাজ্যে ৯টি মহিলা থানা চালু করা হয়েছে। তাছাড়াও মহিলাদের সুরক্ষার প্রশ্নে হেল্প লাইন চালু করা হয়েছে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে মহিলা স্ব-সহায়ক দলের সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে। বর্তমানে গ্রামীণ মহিলা স্বসহায়ক দলের সংখ্যা প্রায় ৫২ হাজার। লাখপতি দিদির সংখ্যাও অনেক বেড়েছে। মুখ্যমন্ত্রী বলেন, সব স্তরেই সামগ্রিক বিকাশের ফলে রাজ্যে মাথাপিছু গড় আয় গত ৬ বছরে আগের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে। এছাড়া জিডিপিও বেড়েছে আগের তুলনায়। তিনি বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। অনেকে চেষ্টা করেছেন আইন শৃঙ্খলা বিনষ্ট করার জন্য। কিন্তু রাজ্য সরকার দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছে।
মুখ্যমন্ত্রী বলেন, এই উৎসবে মহিলাদের উৎপাদিত বিভিন্ন সামগ্রী পরিদর্শন তাঁদের আত্মমর্যাদার পাশাপাশি আত্মবিশ্বাসকেও শক্তিশালী করবে। সরস মেলাতেও স্ব-সহায়ক দলের উৎপাদিত সামগ্রী ভালো বিক্রি হয়েছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। তিনি ত্রিপুরার শহুরী আজীবিকা মিশনের উদ্যোগে চালু করা সেবাশ্রী প্রকল্প এবং সম্পূর্ণা ক্যান্টিনের ভূয়সী প্রশংসা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এবং পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী। স্বাগত বক্তব্য রাখেন খাদ্য এবং শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার। অনুষ্ঠানে পৌরহিত্য করেন আগরতলা পুরনিগমের সেন্ট্রাল জোনের চেয়ারপার্সন রত্না দত্ত। এই উৎসবে রাজ্যের ৮টি জেলা থেকে ২৩০টি স্বসহায়ক দল অংশগ্রহণ করেছে। এছাড়াও বিভিন্ন দপ্তরের ২১টি স্টল এই উৎসবে রয়েছে। মূলতঃ স্বসহায়ক দলের হস্তজাত সামগ্রী, গৃহসজ্জার সামগ্রী, চিরাচরিত খাবার প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা রয়েছে। মুখ্যমন্ত্রী এবং অন্যান্য অতিথিগণ বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময় করেন।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যুব শক্তির কর্মসংস্থানের অন্যতম প্রধান মাধ্যম হল স্টার্টআপ। শুক্রবার প্রজ্ঞা ভবনে ত্রিপুরা স্টার্টআপ পলিসি ২০২৪ এর উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রনজিত সিংহ রায় ,মুখ্য সচিব জে কে সিংহা সহ দপ্তরের সচিব ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার হাত ধরে শুক্রবার ত্রিপুরা স্টার্টআপ পলিসি ২০২৪ এর সূচনা হলো ।এই উপলক্ষে তথ্যপ্রযুক্তি দপ্তরের উদ্যোগে প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা ,দপ্তরের সচিব, অধিকর্তা সহ অন্যান্যরা। অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী জানান ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যাখ্যায় যুবসমাজ দেশের শ্রেষ্ঠ মানব সম্পদ।
দেশের জনসংখ্যার ৬২ থেকে ৬৫ শতাংশ যুব সমাজ। এই যুবসমাজকে কর্ম উদ্যোগী করে তোলার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম হল স্টার্ট আপ পলিসি।মুখ্যমন্ত্রী আরও বলেন ,নতুন এই স্টার্টআপ পলিসির মাধ্যমে রাজ্যের প্রায় ১ লক্ষ ২৫ হাজার যুব সমাজ উপকৃত হবেন ।বিশেষ করে আদিবাসী এলাকার মহিলা ও যুবসমাজকে এই স্টার্টআপ নীতির মাধ্যমে স্বাবলম্বী করে তোলার প্রয়াশ গ্রহণ করা হবে। মুখ্যমন্ত্রী বলেন ,যুব সমাজের সার্বিক স্বার্থেই এই নতুন প্রকল্প।
প্রসঙ্গত উল্লেখ্য যে রাজ্যের একটি স্টার্টআপ পলিসি ছিল। এই নীতির মেয়াদ ফুরিয়ে যাওয়ায় নতুন একটি নীতি গ্রহণ করতে হয়েছে ।এই নতুন স্টাট আপ পলিসির মাধ্যমে শুধুমাত্র তথ্যপ্রযুক্তি দপ্তরই নয়, রাজ্য সরকারের অন্যান্য দপ্তর গুলি কেও যুক্ত করা হবে। নতুন এই স্টার্টআপ নীতির জন্য পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় রাজ্যের ওবিসি সম্প্রদায় ভুক্ত ৬ জন ছাত্রছাত্রীকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে। দিল্লিতে এই নির্বাচিত ছাত্রছাত্রীরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রজাতন্ত্র দিবসের প্যারেড অনুষ্ঠান প্রত্যক্ষ করবেন। শুক্রবার নির্বাচিত ছাত্রছাত্রীদের রাজ্য সরকারের ওবিসি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা ,সচিব তাপস রায় ,অধিকর্তা নির্মল অধিকারী সহ অন্যান্যরা।
আগামী ২৬ জানুয়ারী দেশের প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসের প্যারেড অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজ্যের ওবিসি ভুক্ত ছয় জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করবেন। ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় রাজ্য সরকারের ওবিসি কল্যাণ দপ্তরের উদ্যোগে এই নির্বাচিত ছাত্র-ছাত্রীদের দিল্লিতে পাঠানো হচ্ছে।শুক্রবার গোর্খা বস্তিতে ওবিসি কল্যাণ দপ্তরের কনফারেন্স হলে নির্বাচিতদের সংবর্ধনা প্রদান করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওবিসি কল্যাণ দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা ,দপ্তরের সচিব তাপস রায় ,অধিকর্তা নির্মল অধিকারী, নির্বাচিত ছাত্র-ছাত্রীসহ অন্যান্যরা। অনুষ্ঠানে নির্বাচিত ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানান মন্ত্রী সান্তনা চাকমা।
পরে সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সান্তনা চাকমা জানান, দিল্লিতে অনুষ্ঠিতব্য ২৬ শে জানুয়ারির কেন্দ্রীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন এই নির্বাচিত ছাত্রছাত্রীরা ।তারা রিপাবলিক ডে প্যারেড অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ।বিষয়টি রাজ্যের পক্ষে, রাজ্যের ওবিসি কল্যাণ দপ্তরের পক্ষে বিশেষ গৌরবের। দপ্তরের সহ অধিকর্তা রূপক ভট্টাচার্য তাদের গাইড করবেন। মন্ত্রী আরো জানান ,এবারই প্রথম এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।এর ফলে আগামী দিন ওবিসি সম্প্রদায় ভুক্ত অন্যান্য ছাত্রছাত্রীরাও বিশেষ উৎসাহিত হবে।
এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত নির্বাচিত ওবিসি ভুক্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে একজন জানান, বিষয়টি খুবই গর্ব ও আনন্দের ।প্রজাতন্ত্র দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে রাজ্যের প্রতিনিধি হতে পারা আরো বেশি গর্বের এবং আনন্দের। অনুষ্ঠানে উপস্থিত থেকে দেশের প্রতিটি রাজ্যের বৈচিত্র এবং সংস্কৃতি সম্পর্কে তারা দেখতে ও জানতে পারবেন বলে জানান তিনি।

