জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ সম্পন্ন হল পুর নিগম ও নগর পঞ্চায়েতের সাধারন নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্রকারীরা কিছুটা বিক্ষিপ্ত ঘটনা ঘটানোর চেষ্টা চালালে প্রশাসনের হস্তক্ষেপে তা নিমেষে থেমে যায়। তাছাড় পুর নির্বাচনকে ঘিরে সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজ্যবাসী আজ প্রতিরোধ গড়ে তুলেছেন৷ গণতান্ত্রিক অধিকার রক্ষা করেছেন রাজ্যের গণ-দেবতারা৷ তাই আজ সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে বিজেপির প্রদেশ কমিটি ভোটারদের ধন্যবাদ জানিয়েছে৷ তার সাথে সাথে বিরোধী সিপিএম ও তৃণমূল কংগ্রেসকে ভোট প্রহসনের একই অভিযোগ আনার জন্য তীব্র সমালোচনা করেছেন শাসক দল বিজেপি। এদিন দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের কটাক্ষ, শক্তিহীন সিপিএমের বিষদাঁতের প্রয়োজন ছিল৷ তাই তৃণমূলের সাথে ছায়াজোট করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল৷ ভোট বানচালের চেষ্টা করেছিল তাঁরা৷ কিন্তু তাতে সফল হতে পারেনি৷ ফলাফলে তা স্পষ্ট হয়ে যাবে বলেন নবেন্দু৷ তাছারা এদিন শাসক দলের মুখপাত্র নবেন্দু আরও বলেন, পাঁচটি আসনে অভিযোগ ছিল৷ এক্ষেত্রে বাকি ২১৭টি আসনে ভোট অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে, এমনটাই প্রমাণিত হয়েছে৷ তিনি কটাক্ষের সুরে বলেন, বিরোধীরা আজ সম্মানজনক পশ্চাদপসরণের রাস্তা বেছে নিয়েছেন৷ বলেন, এই প্রথম পুর সংস্থা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে৷ সুপ্রিমকোর্ট নির্বাচনে নজরদারি রেখেছে৷ তাঁর কথায়, বিরোধীদের আনা সমস্ত অভিযোগের তদন্ত করুক পুলিশ৷ কারণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য বিরোধীরাই আপ্রাণ চেষ্টা করেছেন৷ ভোটাররা সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন৷ ভট্টাচার্যের দাবি, পুর নির্বাচনে আজ ছোটখাটো ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ ছিল৷ তবে বড় ধরনের ঘটনা সংগঠিত করার আপ্রাণ চেষ্টা হয়েছিল, ষড়যন্ত্রকারীরা এতে সফল হননি৷ তাঁর সাফ কথা, ত্রিপুরায় তৃণমূল ভোটে লড়তে আসেনি৷ সিপিএমের জন্য এসেছে৷ মানুষ তা বুঝে গেছেন বলে অভিমত ব্যক্ত করেন।
Monthly Archives
November 2021
জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- ত্রাস ত্রাস সন্ত্রাস কাটিয়ে অবশেষে আজ ২৫ শে নভেম্বর বৃহস্পতিবার সকাল ৭ টা থেকেই উৎসবের মেজাজে শুরু হলো গোটা ত্রিপুরা রাজ্যের পুর ভোট নির্বাচন-২০২১ । উল্লেখ্য, রাজ্য নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত পৌর ভোট গোটা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে আজ বৃহস্পতিবার সকাল ৭ টা থেকেই বিশাল পুলিশ ও আধা সামরিক বাহিনীর নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে তেলিয়ামুড়ায়ও শুরু হয়েছে সুষ্ঠু ও অবাধ পুর ভোট । শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হল তেলিয়ামুড়ার পৌর পরিষদের অধীন ১৫ টি ওয়ার্ডের মধ্যে ভোট গ্রহণ প্রক্রিয়া তথা গণ-দেবতার রায় । এইদিকে তেলিয়ামুড়ার পুর পরিষদের প্রত্যেকটি ওয়ার্ডে গিয়ে লক্ষ্য করা গেলো গণ-দেবতা আইডেন্টিটি কার্ড হাতে নিয়ে উৎসবের মেজাজে ব্যস্ত হয়ে পড়েছে রায় দানে । আর এই পুর ভোটকে কেন্দ্র করে যেই কোন ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া কর্তৃক তেলিয়ামুড়ার প্রত্যেকটি ওয়ার্ডেই মোতায়েন করা হয়েছিল প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা । এইদিকে আবার তেলিয়ামুড়া পুর পরিষদের অধীন ১৫ টি ওয়ার্ডেই শাসক বিজেপি, বিরোধী শিবির তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, আমরা বাঙালি, রাজনৈতিক দল গুলোর তরফ থেকেও রয়েছিল দলীয় প্রার্থী ও কার্য কর্তাদের উপস্থিতি । অবশেষে বিকাল ৪ টা নাগাদ শান্তিপূর্ন ও অবাধেই সম্পন্ন হল তেলিয়ামুড়া পুর পরিষদের অধীন ১৫ টি ওয়ার্ডের নির্বাচন । শেষ সংবাদ লেখা পর্যন্ত কোথাও কোন ধরনের কোন রকম অ-প্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি । এইদিকে সূত্রে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, তেলিয়ামুড়ায় পুর নির্বাচনে শতকরা প্রায় ৮৫ শতাংশের উপরে ভোট তথা গণ-দেবতার রায় পড়েছে সামগ্রিক ভাবে । এইদিকে তেলিয়ামুড়ার পুর নির্বাচনে শান্তিপূর্ন ও অবাধ নির্বাচন সম্পন্ন হওয়ায় তেলিয়ামুড়ার বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মুখ্য-সচেতক কল্যানী রায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সমগ্র তেলিয়ামুড়ার গণবাসীকে হৃদয়ের অন্তঃস্থল হইতে এক ধন্যবাদ জ্ঞাপন করেন । তৎসঙ্গে তেলিয়ামুড়ার বিরোধী দলের সকলকেও ধন্যবাদ জ্ঞাপন করেন অবাধ ও শান্তিপূর্ন ভাবে পুর নির্বাচন সম্পন্ন করার কাজে সহযোগিতা করার জন্য । এইদিকে তেলিয়ামুড়ার ১৫ টি ওয়ার্ডে নিযুক্ত ভোট কর্মীরা ভোট গ্রহন সম্পন্ন করে সন্ধ্যা ৫ টা নাগাদ থেকে বিশাল পুলিশি ঘেরাটোপে ও নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে তেলিয়ামুড়ার চাকমাঘাট স্থিত মহকুমা শাসকের অফিস কার্যালয়ে “EVM” মেশিন নিয়ে একে একে আসতে শুরু করে ভোট কর্মীরা । আর এই ভোট বাক্স তথা গণ-দেবতার রায়’ জমা দেওয়াকে কেন্দ্র করে মহকুমা শাসকের অফিস কার্যালয় চত্বরেও মোতায়েন করা হয়েছে বিশাল নিরাপত্তা বলয়ী । এখন মূলতঃ অপেক্ষা ২৮ শে নভেম্বর গণনার মুহূর্তের । কোন দিকে যাবে গণ-দেবতার রায়— পরিবর্তন না কি প্রত্যাবর্তন ! সেটা মূলতঃই এখন সময়ের অপেক্ষা ।।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগামী ২৭ শে নভেম্বর দিল্লির যন্তর মন্তরে গ্রেটার তিপ্রাল্যন্ এর দাবি নিয়ে ধর্নায় বসতে চলেছেন তিপ্রামথা। কেন্দ্রীয় সরকারকে অবগত করানো এবং তার পাশাপাশি এই দাবি যেন মানা হয় সে দিকে লক্ষ্য রেখেই ধর্নায় বসতে চলেছেন। বৃহস্পতিবার আগরতলার রাজ অন্দরে এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান তিপ্রামথার চেয়ারম্যান তথা এমডিসি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বৃষকেতু দেববর্মা সহ অন্যান্যরা। তিপ্রাল্যান্ডের দাবি আদায়ের জন্য ধর্নায় আগরতলা থেকে পনেরশো লোক নিয়ে যাবেন বলেও জানান তিনি । তাছাড়া পৌরনিগম ও নগর পঞ্চায়েত নির্বাচনে তিপ্রামথা যে সকল প্রার্থী দিয়েছিল সেগুলো নির্বাচনে জয়ী নিয়ে ১০০% আশাবাদী ও তার পাশাপাশি সারা রাজ্য জুড়ে নির্বাচন যে ধরনের করা হয়েছে তার জন্য নির্বাচন কমিশনের দিকে আঙুল তুললেন তিপ্রামথার চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মা৷
জনতার কলম ঢাকা: টেস্ট (test) ক্রিকেটকে বিদায় জানালেন বাংলার অভিজ্ঞ তারকা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টি ফর্ম্যাটে এই মুহূর্তে অধিনায়ক রয়েছেন তিনি বাংলাদেশের। মাহমুদুল্লাহ নিজের সোশ্যাল মিডিয়ায় টেস্টকে বিদায় জানানোর খবর নিজেই জানিয়েছেন। তিনি এক বিবৃতিতে লিখেছেন, ‘সরকারি ভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। অভিষেক এবং শেষ টেস্টে ম্যাচের সেরা হয়েছিলাম। টেস্ট ক্রিকেটে অসাধারণ একটা রাস্তা পেরিয়ে এসেছি। পরিবার, সতীর্থ, কোচ এবং বোর্ডকে অনেক ধন্যবাদ’। পরে একটি বিবৃতিতে তিনি লিখেছেন, “বরাবরই মাথা উঁচু করে বিদায় নিতে চেয়েছিলাম। আমার মতে, এটাই সরে যাওয়ার সেরা সময়।”
am officially announcing my retirement from test cricket. I received the Man of the match award both in my debut & the last test match. Alhamdulillah, It has been a wonderful journey in test cricket. I would like to thank my family, teammates, coaches & BCB for their support. pic.twitter.com/WDEyoKLX4S
— Mahmudullah Riyad (@Mahmudullah30) November 24, 2021
চলতি বছর জুন-জুলাইতেই জিম্বাবোয়ের বিরুদ্ধে দীর্ঘ ১৬ মাস পর টেস্ট দলে ফিরেছিলেন রিয়াদ। সেখানে টেস্টে ১৫০ রানের একটি ইনিংস খেলেছিলেন। সেই ম্যাচে ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০০৯ সালের ৯ জুলাই কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল মাহমুদুল্লাহর। দেশের হয়ে ৫০টি টেস্টে ২৯১৪ রান করেছেন মাহমুদুল্লাহ। বল হাতে নিয়েছেন ৪৩টি উইকেট। অবশেষে ১২ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট দলে অপরিহার্য অঙ্গ মাহমুদুল্লাহ। সীমিত ওভারের ক্রিকেটে এখনও যদিও খেলবেন মাহমুদুল্লাহ। দলের প্রয়োজনে কখনও টপ অর্ডার, কখনও মিডল অর্ডার সব পজিশনেই ব্যাট করেছেন। বল হাতেও দলকে ভরসা জুগিয়েছেন এই অলরাউন্ডার।
রবীন্দ্র জাদেজা-কে নিয়ে অভিষেক টেস্টে অর্ধ শতরান করে নজর কাড়লেন শ্রেয়স আইয়ার
written by janatar kalam
জনতার কলম কানপুর: স্পিনারদের বল বনবন ঘুরছে। পেসারদের বল কোনওটা লাফাচ্ছে। তো কোনওটা আবার এমনিই নীচু হচ্ছে যে, উইকেটকিপারের কাছে পৌঁছচ্ছে ৩ ড্রপ পড়ে।
দেখে কে বলবে যে, কানপুরের গ্রিন পার্কে (Green Park) প্রথম দিনের ম্যাচ চলছে। এ যেন পঞ্চম দিনের বাইশ গজ। যেখানে বোলারদের সামনে মাঝেমধ্যেই অসহায় দেখাচ্ছে ব্যাটারদের।
আর সেই কঠিন পিচে প্রথম টেস্টের প্রথম দিনের শেষে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতকে (Ind vs NZ) স্বস্তিতে রাখল ত্রয়ীর ব্যাট। শুভমন গিল (Shubhman Gill), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। ইনিংস ওপেন করতে নেমে শুভমন করলেন ৯৩ বলে ৫২ রান। অভিষেক টেস্ট খেলতে নেমে শ্রেয়স ৭৫ রানে অপরাজিত। আর জাডেজা ঝকঝকে হাফসেঞ্চুরি করে ক্রিজে রয়েছেন। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ২৫৮/৪। প্রথম দিনের শেষে টিম ম্যানেজমেন্টকেও যা কিছুটা স্বস্তি দেবে।
বৃহস্পতিবার ভারতের উদ্ধারকর্তা ত্রয়ীর ব্যাটিং ঘরানার অমিল থাকলে, তাঁদের পথে সাদৃশ্যও নেহাত কম নেই। যেমন শুভমন। টেস্টে সাড়া জাগিয়ে শুরু করেও দলে নিয়মিত নন। এমনকী, কে এল রাহুল ফিট থাকলে শুভমনের নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলারই কথা নয়। ময়ঙ্ক অগ্রবালের সঙ্গে সেক্ষেত্রে ওপেন করতেন রাহুলই।
শুভমন সুযোগ পেলেন। আর চাপের মুখে হাফসেঞ্চুরি করে কিউয়ি শিবিরে পাল্টা লড়াই পৌঁছে দিলেন। সেই সঙ্গে পঞ্জাবের তরুণ তুর্কি দেখিয়ে দিলেন, সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে প্রস্তুত তিনি।
বিরাট কোহলি-রোহিত শর্মারা বিশ্রাম না নিলে শ্রেয়স আইয়ার, তিনি কি খেলতে পারতেন কানপুর টেস্টে? উত্তরটা হচ্ছে, না। টেস্ট দলে থাকলেও বড়জোড় ডাগ আউটে জায়গা হতো। সেই শ্রেয়স বৃহস্পতিবার অভিষেক টেস্টেই নজর কাড়লেন। ১৪৫/৪ হয়ে যাওয়ার পর জাডেজার সঙ্গে অবিচ্ছেদ্য পঞ্চম উইকেটে শ্রেয়সের ১১৩ রানের পার্টনারশিপ ভারতকে শুধু ম্যাচেই ফেরায়নি, রীতিমতো চালকের আসনে রেখেছে। ৭টি চার ও জোড়া ছক্কায় যেন সমস্ত উপেক্ষার জবাব দিলেন শ্রেয়স। যে উপেক্ষা তাঁকে শিখিয়েছে, রঞ্জিতে এক মরসুমে ১৩০০ রান করেও জাতীয় দলে সুযোগ নাও পাওয়া যেতে পারে।
আর জাডেজার প্রত্যাবর্তন তো যে কোনও চিত্রনাট্যের রসদ হতে পারে। জাতীয় টেস্ট দল থেকে বাদ পড়ার পর যিনি কয়েক মরসুম আগে ব্যাট-বলের শাসনে ঘরোয়া ক্রিকেটে প্রতিপক্ষ শিবিরে ত্রাসের সঞ্চার করেছিলেন বললেও হয়তো অত্যুক্তি হয় না। ট্রিপল সেঞ্চুরি, একের পর এক পাঁচ উইকেটের স্পেল, নির্বাচকদের বাধ্য করেছিলেন তাঁকে জাতীয় দলে ফেরাতে। সেই থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি সৌরাষ্ট্রের অলরাউন্ডারকে। বৃহস্পতিবার অপরাজিত হাফসেঞ্চুরি, পঞ্চাশ পূর্ণ করে তলোয়ারবাজি, ভরপুর জাডেজা শো ছিল ক্রিকেটপ্রেমীদের জন্য।
নিউজিল্যান্ড শিবিরে উদ্বেগ বাড়িয়েছে টিম সাউদির চোট। কুঁচকিতে চোট পেয়েছেন কিউয়ি পেসার। তিন স্পিনার ৫২ ওভার হাত ঘুরিয়েও কোনও উইকেট পাননি। দিনের শেষে তাই কিউয়ি শিবিরের হাতে পেন্সিল হয়ে পড়ে রইল শুধু কাইল জেমিসনের ৩ উইকেট।
জনতার কলম কলকাতা :- ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভায় ভোট। বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন। ১৯ ডিসেম্বর ভোট হবে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ। আজ থেকে মনোনয়ন জমা দেওয়া শুরু। ১ ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ২ ডিসেম্বর স্ক্রুটিনি শুরু। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৪ ডিসেম্বর। আজ থেকেই জারি হয়ে গেল আদর্শ আচরণবিধি। ২২ ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
তবে কলকাতা পুরসভার ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলেও, হাওড়ায় পুরভোট নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ১৯ ডিসেম্বর কলকাতার সঙ্গেই হাওড়ায় পুরভোট হবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘কলকাতার ১৪৪টি ওয়ার্ডে হবে ভোট। ৪,৭৪২টি বুথে হবে ভোট। ৩৮৫টি অক্সিলিয়ারি বুথেও হবে ভোটগ্রহণ। ভোট দেবেন ৪০ লক্ষেরও বেশি ভোটার। ভোট হবে ১৯ ডিসেম্বর। পুনর্নির্বাচন হলে, তা হবে ২০ ডিসেম্বর। কলকাতা পুরভোট হবে ইভিএমে। আজ থেকেই চালু হয়ে গেল আদর্শ আচরণবিধি। সন্ধে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত বড় মিটিং-মিছিল করা যাবে না। ডোর টু ডোর প্রচারে যেতে পারবেন সর্বাধিক ৫ জন। ভোটে কত পুলিশ মোতায়েন করতে হবে, তা জানাতে বলেছি ডিজি-সিপি-কে। সম্ভবত কলকাতা পুরভোটের গণনা ২১ ডিসেম্বর। হাওড়ায় ভোট নিয়ে এখনও কমিশনকে কিছু জানায়নি রাজ্য।’
নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘চালু হল ইলেকশন গ্রিভান্স ম্যানেজমেন্ট সিস্টেম। অভিযোগকারীরা ওয়েবসাইটের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন।’
অন্যদিকে, পুরভোটের বিজ্ঞপ্তি নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করল বিজেপি। দুপুর ১টায় আসতে বলেন প্রধান বিচারপতি।
‘পুরভোট নিয়ে বিজেপি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতেই পারে। কলকাতা পুরসভার ভোট নিয়ে আমরা আশাবাদী।‘ প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ সৌগত রায়ের।
মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পূর্বদোয়া সামাজিক সংস্থার গরীবদের মাঝে বস্ত্র বিতরন কর্মসূচি
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্মদিন। আর এই জন্মদিন উপলক্ষে পূর্বোদয়া সামাজিক সংস্থার হার্ট অফ হিউমিনিটি-এর শংকর চৌমুহনীস্থিত আউটলেটের পক্ষ থেকে গরীব মানুষদের মধ্যে বস্ত্র এবং মিস্টি বিতরণ করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব ও পূর্বোদয়া সামাজিক সংস্থার সাধারন সম্পাদিকা নীতি দেব। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে তিনি হার্ট অফ হিউমিনিটি-এর এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং উনার জন্মদিনে গরীব মানুষের পাশে থেকে এই সুন্দর মহুর্তে সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে কাটাতে পেরে খুশী ব্যাক্ত করেন। এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন 7 রামনগর বিধান সভার জনপ্রিয় বিধায়ক শ্রী সুরজিৎ দত্ত মহোদয়।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ২৫শে নভেম্বর চলছে পুর নিগম ও নগর পঞ্চায়েতের সাধারণ নির্বাচন, এই নির্বাচন প্রহসনে পরিনত হয়েছে এই অভিযোগ এনে রাজধানীর পশ্চিম আগরতলা থানা ঘেরাও করলো বিরোধী দল সিপিআইএম। তাদের আরও অভিযোগ ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বিভিন্ন কেন্দ্রের পোলিং এজেন্ট এবং প্রার্থীদেরকে, তাদের উপর হিংসাত্মক আক্রমণ করা হয় বলেও জানান বিরোধীরা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম নেতা পবিত্র কর বলেন এই নির্বাচন প্রহসনে পরিনত হয়েছে এই নির্বাচন মানা যাচ্ছে না পুনরায় নির্বাচন করা হোক এবং কোন পুলিং এজেন্ট কিংবা কার্যকর্তা থাকবে না মাঝখানে দেখা যাক বিপ্লব দেব এই চ্যালেঞ্জ নিতে পারে কিনা বলে প্রশ্ন ছুড়ে দেন তিনি। এদিনের কর্মসূচিতে দলীয় কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষনীয়।
মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি কংগ্রেসের
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- পৌরসভা নির্বাচনে ব্যাপক কারচুপির পর ত্রিপুরার কংগ্রেস মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের অবিলম্বে পদত্যাগ দাবি করেছে। সাংবাদিক সম্মেলন ডেকে কংগ্রেস বলেছে, “সরকারকে এর খেসারত দিতে হবে। আজ যা হয়েছে, আমরা তার উপযুক্ত জবাব দেব।” বিরোধী দলগুলি পুনঃভোট দাবি করেছে যদিও সুপ্রিম কোর্ট সরকারকে গণনার দিন পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে বলেছে, তবে ব্যাপক কারচুপির পরে গণনার কী ব্যবহার হবে তা জনমনে প্রশ্ন তৈরি করেছে। বেশির ভাগ ভোটার ভোট দিতে পারেননি এবং বুথ অনুযায়ী জাল ভোট দেওয়া হয়েছিল। কিন্তু ভিডিও ফুটেজ থাকার পরেও কেন ভারতের নির্বাচন কমিশন নীরব, ত্রিপুরা নির্বাচন কমিশনের ভূমিকা যখন দাসের চেয়েও খারাপ ছিল তখন ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে অভিমত ব্যক্ত করেন কংগ্রেস নেতৃত্বরা।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-আজ পুর নিগম ও নগর পঞ্চায়েতের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে না এই অভিযোগ এনে রাজধানীর পূর্ব আগরতলা থানা ঘেরাও করলো অন্যতম বিরোধী দল তৃনমূল কংগ্রেস। তাদের আরও অভিযোগ ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বিভিন্ন কেন্দ্রের পোলিং এজেন্ট এবং প্রার্থীদেরকে, তাদের উপর হিংসাত্মক আক্রমণ করা হয়। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য তৃনমূলের কনভেনার সুবল ভৌমিক বলেন এই নির্বাচন প্রহসনে পরিনত হয়েছে এই নির্বাচন মানা যাচ্ছে না পুনরায় নির্বাচন করা হোক, তাছাড়া তৃনমূল কংগ্রেসের পুলিং এজেন্টের ঢুকতে দেওয়া হচ্ছে না ও মাঝপথে কয়েকজন ঢুকলেও তাদেরকে মেরে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। পাশাপাশি প্রার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ এই অত্যাচার থেকে বাদ যায়নি বলে জানান তিনি এবং রাজ্যের প্রশাসন একপ্রকার শাসক দলের হয়ে কাজ করে যাচ্ছে বলে অভিযোগ আনেন কেননা রাজ্য তৃনমুলের পক্ষ থেকে পুলিশের কাছে লিখিতভাবে অভিযোগ জানালেও পুলিশ নিধিরাম সর্দারের ভূমিকা পালন করছেন বলে মন্তব্য করেন তিনি। এদিনের কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষনীয়।
