জনতার কলম ওয়েবডেস্ক :-দিল্লি সরকারের মন্ত্রী প্রবেশ বর্মা শনিবার এক সাংবাদিক বৈঠকে প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তীব্র আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষের রাজনীতির কথা বললেও কেজরিওয়াল বাস্তবে বিলাসবহুল জীবনযাপন করছেন এবং তাঁর নতুন সরকারি বাসভবন নিয়ে একাধিক প্রশ্ন তোলেন।
প্রবেশ বর্মা বলেন, অন্না আন্দোলনের সময় কেজরিওয়াল সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে উঠে এসেছিলেন এবং মহাত্মা গান্ধী, ভগত সিং ও ডঃ বি.আর. আম্বেদকরের আদর্শের কথা তুলে ধরেছিলেন। তিনি দাবি করেন, তখন কেজরিওয়াল একটি হলফনামায় সরকারি বাড়ি, গাড়ি বা বিলাসবহুল সুবিধা গ্রহণ করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বর্তমানে সেই প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বিশেষ করে কেজরিওয়ালের নতুন সরকারি বাসভবনকে কেন্দ্র করে সরব হন বর্মা। তাঁর দাবি, লোধি এস্টেটের ৯৫ নম্বর এই বাসভবনটি কোনো সাধারণ মানুষের বাড়ির মতো নয়, বরং একটি বিলাসবহুল হোটেলের স্যুইটের মতো। তিনি এই বাড়িকে ‘শীশ মহল’ বলে কটাক্ষ করেন।
বর্মার বক্তব্য, “যিনি নিজেকে সাধারণ মানুষের নেতা বলে দাবি করেন, তিনি এখন রাজাদের মতো জীবনযাপন করছেন। এতে সমস্যা নেই, কিন্তু তখন ‘আম আদমি পার্টি’ নাম রাখা কতটা যুক্তিযুক্ত?” তিনি আরও তীব্র কটাক্ষ করে বলেন, দলের নাম ‘আম আদমি পার্টি’র পরিবর্তে ‘আলিশান আদমি পার্টি’ হওয়া উচিত।
এছাড়াও, এই নতুন বাসভবনের খরচ ও অর্থের উৎস নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি নেতা। তাঁর দাবি, এই বাড়িতে যে অর্থ ব্যয় হয়েছে, তা সরকারি নয় বরং ব্যক্তিগত। তিনি জানতে চান, এই নির্মাণে কোন সংস্থার অর্থ ব্যবহার করা হয়েছে, কত টাকা খরচ হয়েছে এবং সেই তথ্য জনসমক্ষে আনা হবে কি না।
প্রবেশ বর্মা আরও বলেন, “যে ব্যক্তি দুই কামরার ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাঁর এত বিলাসবহুল ‘মহল’ নির্মাণের প্রয়োজন কেন?” তিনি দাবি করেন, এই বিষয়গুলো নিয়ে কেজরিওয়ালের স্পষ্ট জবাব দেওয়া উচিত। এই মন্তব্যকে কেন্দ্র করে দিল্লির রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
