জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণে সৃষ্টি হয়েছে নতুন রেকর্ড। গতকাল অনুষ্ঠিত প্রথম দফার ভোটে পশ্চিমবঙ্গে ৯২.৭২ শতাংশ ভোট পড়েছে, যা স্বাধীনতার পর রাজ্যের সর্বোচ্চ ভোটদানের হার বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। অন্যদিকে, তামিলনাড়ুতেও ৮৫.১৪ শতাংশ ভোট পড়ে নজির গড়েছে, যেখানে ২৩৪টি আসনের জন্য এক দফাতেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
পশ্চিমবঙ্গে প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়। অবশিষ্ট ১৪২টি আসনের জন্য দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ এপ্রিল। আর কেরল, অসম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং পুদুচেরি—এই পাঁচটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট গণনা হবে আগামী ৪ মে।
এদিকে, পশ্চিমবঙ্গে এই বিপুল ভোটদানের হারকে “পরিবর্তনের পক্ষে জনমত” বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ৪ মে ফলাফল ঘোষণার দিন রাজ্যে তৃণমূল কংগ্রেসের “১৫ বছরের সিন্ডিকেট রাজ ও মহা জঙ্গলরাজের অবসান ঘটবে”।
ভোট চলাকালীন সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতার সল্টলেকে বিজেপির নির্বাচনী কন্ট্রোল রুমে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন এবং দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন।
নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার ডঃ এস.এস. সান্ধু এবং ডঃ বিবেক জোশি সার্বক্ষণিক নজরদারি বজায় রাখেন। দুই রাজ্যের সমস্ত ভোটকেন্দ্রে লাইভ ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থাও করা হয়েছিল, যাতে স্বচ্ছতা নিশ্চিত করা যায়।