জনতার কলম ওয়েবডেস্ক :- ভারত মালদ্বীপকে আর্থিক সহায়তা জোরদার করতে সার্ক কারেন্সি সুইপ ফ্রেমওয়ার্কের আওতায় প্রথম দফায় ৩০ বিলিয়ন রুপি (প্রায় ৩০০০ কোটি টাকা) ছাড়ের অনুমোদন দিয়েছে। এই পদক্ষেপে দ্বীপ রাষ্ট্রটির প্রতি ভারতের অব্যাহত সহযোগিতা আরও দৃঢ় হল।
মালে অবস্থিত ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ২০২৪ সালের অক্টোবর মাসে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর ভারত সফরের সময় রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI) এবং মালদ্বীপ সরকারের মধ্যে যে চুক্তি হয়েছিল, তার ভিত্তিতেই এই অর্থ ছাড় করা হচ্ছে।
এর আগে, ২০২৪ সালের অক্টোবরেই মালদ্বীপ ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের একটি আর্থিক সুবিধা গ্রহণ করেছিল, যার মেয়াদ পূর্ণ হওয়ার পর এই নতুন সহায়তা কার্যকর করা হল। মালদ্বীপের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ঋণ পরিশোধ তাদের আর্থিক দায়বদ্ধতা রক্ষার প্রতিশ্রুতির প্রতিফলন।
২০১২ সালে এই কারেন্সি সুইপ ফ্রেমওয়ার্ক চালু হওয়ার পর থেকে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া মালদ্বীপকে মোট ১.১ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সহায়তা প্রদান করেছে। ভারতীয় হাইকমিশন জানায়, এই সহায়তা মালদ্বীপের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এছাড়াও, ‘নেইবারহুড ফার্স্ট’ নীতি এবং ‘ভিশন মহাসাগর’-এর অধীনে ভারত মালদ্বীপকে নিয়মিত সহায়তা করে চলেছে। সংকটের সময় বিশ্বস্ত বন্ধু ও প্রথম সাড়া প্রদানকারী হিসেবে ভারতের ভূমিকা আবারও স্পষ্ট হয়েছে।