Connect with us

Uncategorized

সংবাদমাধ্যমকে ভয় দেখানোর চেষ্টা? বিধায়কের ভূমিকায় প্রশ্ন

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলার বড়দোয়ালি মিলন সংঘ এলাকায় শনিবার সকালে ঘটে যাওয়া এক ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক আজকের ফরিয়াদ-এর সম্পাদক শানিত দেবরায়ের বাড়ির সামনে সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপ্রসাদ পাল অনুগামীদের নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন বলে অভিযোগ। ঘটনাস্থলে রাজপথ অবরোধ করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়।

অ্যাসেম্বলি অফ জার্নালিস্টস (এওজে)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে একজন সাংবাদিককে লক্ষ্য করে হুমকিসূচক মন্তব্য এবং অশালীন ভাষা প্রয়োগ অত্যন্ত নিন্দনীয়। সংগঠনের দাবি, এ ধরনের আচরণ শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, বরং সংবাদমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিসরের ওপর চাপ সৃষ্টি করার সামিল।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলে বিধায়ক এমন মন্তব্য করেন যাতে শানিত দেবরায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। বিষয়টি দ্রুত সাংবাদিক মহলে ছড়িয়ে পড়লে বিভিন্ন সংগঠন সরব হয়ে ওঠে। এওজে এক বিবৃতিতে জানায়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বা পেশীশক্তির প্রদর্শন করে সংবাদমাধ্যমকে চুপ করিয়ে দেওয়ার যে কোনও চেষ্টা প্রতিহত করা হবে।

ঘটনার জেরে সাংবাদিকদের এক প্রতিনিধি দল পুলিশ মহানির্দেশকের সঙ্গে সাক্ষাৎ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলে। পুলিশ প্রশাসনের তরফে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে শানিত দেবরায় পশ্চিম আগরতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি এফআইআরের কপি রাজ্যপাল এবং পুলিশ মহানির্দেশকের কাছেও প্রেরণ করেছেন। বিধায়কের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

এই ঘটনার পর রাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যম ও সাংবাদিক সংগঠন ঐক্যবদ্ধভাবে শানিত দেবরায়ের পাশে থাকার কথা জানিয়েছে। সাংবাদিক সমাজের বক্তব্য, গণতান্ত্রিক কাঠামোয় সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা সবার দায়িত্ব, এবং সেই প্রশ্নে কোনও আপস করা হবে না।

Continue Reading