জনতার কলম ওয়েবডেস্ক :- শুক্রবার জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য ১.১৩ লক্ষ কোটি টাকার বাজেট পেশ করলেন মুখ্যমন্ত্রী উমর আবদুল্লা। বাজেটের লক্ষ্য হিসেবে তিনি জানান, টেকসই উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য শক্ত ভিত গড়ে তোলা। বাজেটকে উন্নয়নের ‘রোডম্যাপ’ হিসেবে ব্যাখ্যা করেন তিনি।
স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী করতে রাজ্যে দুটি নতুন আয়ুষ হাসপাতাল চালু করার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি রাজৌরি, বারামুলা ও ডোডায় ক্যাথ ল্যাব খোলা হবে। উরি ও পুঞ্চে চালু হবে জরুরি হাসপাতাল। ২০২৬ সালের মধ্যেই চালু হবে এইমস কাশ্মীর। সীমান্তবর্তী জেলাগুলির জন্য বুলেটপ্রুফ অ্যাম্বুলেন্স পরিষেবাও চালু করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ হিসেবে ৫৫৪টি স্কুলে ভোকেশনাল এডুকেশন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবম শ্রেণি থেকে কলেজ স্তর পর্যন্ত পড়ুয়াদের সম্পূর্ণ ফি মুকুবের ঘোষণাও করা হয়েছে। পাশাপাশি অনাথ শিশুদের শিক্ষা ও থাকার খরচ মেটাতে মাসিক স্পনসরশিপ সহায়তা দেওয়া হবে। আদিবাসী পড়ুয়াদের জন্য স্কলারশিপ এবং আদিবাসী জীবিকায় সহায়তার ব্যবস্থাও থাকবে।
পরিবহণ ব্যবস্থাকে আধুনিক করতে ২০০টি নতুন ই-বাস চালানোর লক্ষ্য নিয়েছে সরকার। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে নতুন কালচারাল সেন্টার গড়ে তোলার পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে।
রিসার্চ, এন্টারপ্রেনারশিপ ও উচ্চমানের বৈজ্ঞানিক কর্মসংস্থান বাড়াতে কাঠুয়া ও হান্দওয়ারা বায়োটেক পার্ক পুনরায় চালু করা হবে। উমর আবদুল্লা জানান, সরকারি ছাড় ও সুবিধা পাওয়া শিল্পগুলিতে স্থানীয় যুবকদের অগ্রাধিকার ভিত্তিতে চাকরি দেওয়া হবে।
কৃষকদের জন্য সোলার পাম্পের ব্যবস্থা করা হবে। সরকারি ভবনগুলিকে সৌরশক্তি চালিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ছোট জলবিদ্যুৎ প্রকল্প এবং আদিবাসী এলাকায় ‘সোলার গ্রাম’ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
নিরাপত্তা, যাতায়াত ব্যবস্থা এবং তীর্থযাত্রীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে শ্রী অমরনাথ যাত্রার পরিকাঠামো আধুনিকীকরণ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
যোগ্য পরিবারগুলিকে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সামাজিক সুরক্ষা জোরদার করতে একাধিক কল্যাণমূলক প্রকল্পের কথা জানানো হয়েছে।
“এই বাজেট শুধু সংখ্যার হিসাব নয়, এটি ভবিষ্যতের দিশা দেখানো এক আর্থিক দিকনির্দেশক। এই পরিকল্পনা টেকসই অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং দীর্ঘস্থায়ী সমৃদ্ধির জন্য শক্ত ভিত্তি গড়ে তুলবে।”


Leave feedback about this