জনতার কলম ওয়েবডেস্ক :- কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট ২০২৬-২৭-এ দেশের প্রতিরক্ষা খাতে ৭ লক্ষ ৮০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন। গত অর্থবর্ষে যেখানে প্রতিরক্ষা বাজেট ছিল ৬ লক্ষ ৮১ হাজার কোটি টাকা, সেখানে এবছর প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
বাজেটে প্রতিরক্ষা বাহিনীর জন্য সামরিক সরঞ্জাম ক্রয়ের উদ্দেশ্যে ২ লক্ষ ১৯ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই অর্থ মূলধনী ব্যয়ের (ক্যাপিটাল এক্সপেন্ডিচার) অন্তর্গত এবং আগের অর্থবর্ষ ২০২৫-২৬-এ বরাদ্দ ১ লক্ষ ৮০ হাজার কোটি টাকার তুলনায় প্রায় ২১.৮ শতাংশ বেশি।
কাশ্মীরে সাম্প্রতিক জঙ্গি হামলার পর ‘অপারেশন সিন্দুর’ পরিচালনা এবং বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে প্রতিরক্ষা বাজেটে এই বৃদ্ধি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই পদক্ষেপ সরকারের ‘আত্মনির্ভর ভারত’ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যার লক্ষ্য দেশীয় গবেষণা ও উৎপাদন ব্যবস্থাকে আরও জোরদার করা।
এছাড়াও বাজেটে প্রস্তাব রাখা হয়েছে, বিমান রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহল (MRO)–এর জন্য ব্যবহৃত যন্ত্রাংশ তৈরিতে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে বেসিক কাস্টমস ডিউটি মকুব করা হবে। এর ফলে প্রতিরক্ষা খাতের সংস্থাগুলি বিশেষভাবে উপকৃত হবে।
বাজেট ২০২৬-২৭ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘অপারেশন সিন্দুর’-এর ঐতিহাসিক সাফল্যের পর এই বাজেট দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার সরকারের দৃঢ় সংকল্পেরই প্রতিফলন। তাঁর কথায়, এই বাজেট নিরাপত্তা, উন্নয়ন ও আত্মনির্ভরতার মধ্যে ভারসাম্য বজায় রেখেছে।
এই বাজেটের মাধ্যমে সেনাবাহিনীর আধুনিকীকরণ, এয়ার ডিফেন্স সিস্টেম এবং নতুন প্রজন্মের প্ল্যাটফর্মে বিনিয়োগের বর্তমান কৌশলকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ফাইটার জেট, যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র, কামানসহ আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম কেনার জন্য ক্যাপেক্স বৃদ্ধি করা হয়েছে।
প্রতিরক্ষা সরঞ্জাম কেনার জন্য বাড়তি বরাদ্দ পাওয়ায় সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সাপ্লায়ার সংস্থাগুলিও লাভবান হবে বলে আশা করা হচ্ছে। সরকারি সংস্থার মধ্যে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL), মজগাঁও ডক শিপবিল্ডার্স ও ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL) বিশেষভাবে উপকৃত হতে পারে। পাশাপাশি মিধানি, বিইএমএল, ভারত ডায়নামিক্সের মতো সংস্থা এবং ড্রোন খাতের সঙ্গে যুক্ত স্টার্টআপগুলিরও লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।


Leave feedback about this