2026-02-05
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজনৈতিক রাজ্য

‘ব্যক্তি গঠন থেকে জাতি গঠন’—বিজেপির প্রশিক্ষণ মহাভিযানে নিতিন নবীনের বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতীয় জনতা পার্টি বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে পরিচিত। দলটির মূল শক্তি প্রতিটি স্তরের নিবেদিতপ্রাণ কার্যকর্তা। সংগঠনকে আরও শক্তিশালী, শৃঙ্খলাবদ্ধ ও জনমুখী করে তুলতেই নিয়মিতভাবে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে বিজেপি।

এই ধারাবাহিকতায় মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় কার্যালয়ে মাননীয় সর্বভারতীয় সভাপতি শ্রী নিতিন নবীনের পৌরহিত্যে অনুষ্ঠিত হয় “পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযান–২০২৬”। এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন সাংসদ ও ত্রিপুরা বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন মন্ত্রী ভগবান দাস, বিধায়ক রামপদ জমাতিয়া, বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী-সহ দলের শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের সংগঠনের দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তারা।

বৈঠকে দলের সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করা, বুথ স্তর থেকে শুরু করে জেলা ও রাজ্য স্তরে কার্যক্রমকে গতিশীল করার রূপরেখা তুলে ধরা হয়। পাশাপাশি আসন্ন রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কীভাবে কার্যকর্তাদের আরও দক্ষ, প্রশিক্ষিত ও প্রস্তুত করা যায়, সে বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

প্রশিক্ষণ শিবিরে দলীয় আদর্শ, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ‘একাত্ম মানববাদ’ দর্শন, সাংগঠনিক শৃঙ্খলা, কার্যকর জনসংযোগ এবং সরকারের উন্নয়নমূলক কর্মসূচিগুলি সাধারণ মানুষের কাছে আরও ভালোভাবে পৌঁছে দেওয়ার কৌশল নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

এদিন সর্বভারতীয় বিজেপি সভাপতি শ্রী নিতিন নবীন বলেন,

“সাংগঠনিক ফিটনেস প্রশিক্ষণের ভূমিকা ও তার গুরুত্ব নিয়ে আজ অর্থপূর্ণ সংলাপ হয়েছে। এই প্রশিক্ষণ মহাভিযান ‘ব্যক্তি গঠন থেকে সংগঠন গঠন এবং সংগঠন গঠন থেকে জাতি গঠন’-এর মূল উদ্দীপনাকে চিহ্নিত করবে। এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর উন্নত ভারতের সংকল্প বাস্তবায়নের পথে সংগঠন আরও শক্তিশালী হবে।”

বৈঠক শেষে উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে দল আরও সুসংগঠিত হবে এবং আগামী দিনে বিজেপির সাংগঠনিক শক্তি ও জনভিত্তি আরও বিস্তৃত ও মজবুত হবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service