জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ত্রিপুরা জুড়ে গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহের সঙ্গে উৎসব পালিত হচ্ছে। একমাসব্যাপী রমজানের রোজা শেষে রাজ্যের বিভিন্ন প্রান্তে মুসলিম সম্প্রদায়ের মানুষ ভোর থেকেই ঈদের বিশেষ নামাজ আদায় করতে সমবেত হন।
রাজ্যের বিভিন্ন জেলার ঈদগাহ ও মসজিদে বিপুল সংখ্যক মানুষের সমাগম লক্ষ্য করা যায়। বিশেষ করে আগরতলার শিবনগরে অবস্থিত গেদু মিয়া মসজিদে বড় জমায়েত দেখা যায়, যেখানে বহু ধর্মপ্রাণ মুসল্লি একসঙ্গে নামাজে অংশগ্রহণ করেন।
নামাজ শেষে রাজ্য, দেশ ও সমগ্র বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতির জন্য বিশেষ দোয়া করা হয়। ধর্মীয় নেতারা তাঁদের বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক শ্রদ্ধার গুরুত্ব তুলে ধরেন। ঈদের আনন্দে সবাই একে অপরকে শুভেচ্ছা জানান, কোলাকুলি করেন এবং মিলন ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেন, যা এই পবিত্র উৎসবের মূল চেতনা।
এদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা নিজের সামাজিক মাধ্যমে সকল ইসলাম ধর্মাবলম্বী মানুষকে পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁর বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, এই পবিত্র দিনটি যেন সকলের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও মানবিকতার বন্ধনকে আরও সুদৃঢ় করে। তিনি প্রার্থনা করেন, ঈদের এই শুভক্ষণ সবার জীবনে সুখ, শান্তি ও সুস্বাস্থ্য বয়ে আনুক।
মুখ্যমন্ত্রীর এই বার্তা উৎসবের আবহে এক বিশেষ তাৎপর্য বহন করেছে এবং রাজ্যের সর্বস্তরের মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের বার্তাকে আরও জোরালো করেছে।


Leave feedback about this