2026-02-22
Ramnagar, Agartala,Tripura
অপরাধ দেশ

উপকূলরক্ষীর অভিযানে বড় সাফল্য, ১ লক্ষ প্যাকেট সিগারেট উদ্ধার

জনতার কলম ওয়েবডেস্ক :- ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (Indian Coast Guard) ২১ ফেব্রুয়ারি ভারতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (EEZ) সন্দেহজনক একটি বিদেশি নৌকা আটক করেছে। দ্বারকার প্রায় ১১৫ নটিক্যাল মাইল পশ্চিমে অভিযান চালিয়ে নৌকাটিকে আটক করা হয়।

উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আল মুখতার’ নামের নৌকাটিতে চারজন ইরানি নাবিক ছিলেন। তল্লাশি চালিয়ে নৌকার গোপন কুঠুরি থেকে প্রায় ২০০ কার্টনে এক লক্ষের মতো বিদেশি ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়। আন্তর্জাতিক বাজারে উদ্ধার হওয়া এই চালানের আনুমানিক মূল্য ২.৫ থেকে ৫ কোটি টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বর্তমানে নৌকাটিকে পোরবন্দরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে সংশ্লিষ্ট দফতরগুলির সঙ্গে যৌথ জিজ্ঞাসাবাদ ও পরবর্তী তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।

এই অভিযানের মাধ্যমে ভারতীয় জলসীমায় অবৈধ পাচার রোধে উপকূলরক্ষী বাহিনীর তৎপরতার আরও একবার প্রমাণ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service