জনতার কলম ওয়েবডেস্ক, ৭জুলাই:-ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর মধ্যে প্রতিনিধি-স্তরের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের বিস্তৃত দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করা হয় এবং ভারত-ইন্দোনেশিয়া সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব (Comprehensive Strategic Partnership) আরও শক্তিশালী করতে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক সমঝোতা স্মারক (MoU) বিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা।
যৌথ সাংবাদিক বৈঠকে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ঘোষণা করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘বিনতাং আদিপূর্ণা’ (Bintang Adipurna of the Republic of Indonesia) প্রদান করা হয়েছে। এই সম্মান দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও প্রধানমন্ত্রী মোদির আন্তর্জাতিক নেতৃত্বের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
এর আগে জাকার্তার রাষ্ট্রপতি ভবন ইস্তানা মেরদেকা (Istana Merdeka)-তে প্রধানমন্ত্রী মোদিকে আনুষ্ঠানিক গার্ড অব অনারসহ বর্ণাঢ্য সংবর্ধনা জানানো হয়। প্রেসিডেন্ট প্রাবোও ও প্রধানমন্ত্রী মোদি পরস্পরের প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন, যা দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতার প্রতীক হিসেবে উঠে আসে। প্রধানমন্ত্রী মোদি রাষ্ট্রপতি ভবনের দর্শনার্থী বইতেও স্বাক্ষর করেন।
আজ প্রধানমন্ত্রী মোদির ইন্দোনেশিয়ার পার্লামেন্ট কমপ্লেক্স কমপ্লেক্স পারলেমেন রিপাবলিক ইন্দোনেশিয়া সফরেরও কর্মসূচি রয়েছে। এছাড়া তিনি জাকার্তায় ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যদের সঙ্গেও মতবিনিময় করবেন।
উল্লেখ্য, প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল জাকার্তায় পৌঁছান। ইন্দোনেশিয়া সফর দিয়ে তাঁর তিন দেশ সফর শুরু হয়েছে। এই সফরের পর তিনি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর করবেন।