জনতার কলম ওয়েবডেস্ক :- আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
দুই দফায় বাহিনী মোতায়েন করা হবে। আগামী ১ মার্চ প্রথম পর্যায়ে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পৌঁছবে। পরবর্তী পর্যায়ে ১০ মার্চ বাকি ২৪০ কোম্পানি মোতায়েন করা হবে।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যেই রাজ্য প্রশাসনকে চিঠি পাঠিয়ে বাহিনী মোতায়েনের বিষয়ে অবহিত করেছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, ভোটের আগে বিভিন্ন জেলায় রুট মার্চ, এলাকা দখলমুক্ত রাখা এবং স্পর্শকাতর বুথে নিরাপত্তা জোরদারে এই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
রাজ্যে নির্বাচনী আবহে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্তে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনই এই উদ্যোগের মূল লক্ষ্য।


Leave feedback about this