জনতার কলম স্পোর্টস ডেস্ক :- টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী দিনে চরম নাটকীয়তার মধ্যে দিয়ে অভিযান শুরু করল ভারত। মুম্বইয়ের মন্থর উইকেটে যুক্তরাষ্ট্র (USA)-র বিরুদ্ধে শুরুতেই বিপর্যয়ে পড়ে টিম ইন্ডিয়া। পাওয়ারপ্লেতেই ৪৬ রানে চার উইকেট হারিয়ে বসে ভারত। অভিষেক শর্মা শূন্য রানে ফেরেন, ঈশান কিষান ও তিলক বর্মা দ্রুত সাজঘরে ফেরায় চাপে পড়ে যায় ব্যাটিং লাইন-আপ। শিবম দুবেও গতি বদলের ফাঁদে পড়ে আউট হন।
মাঝের ওভারগুলোতেও স্বস্তি ফেরেনি ভারতের ব্যাটিংয়ে। রিঙ্কু সিং এবং হার্দিক পান্ডিয়া প্রত্যাশামতো ছন্দে ব্যাট করতে ব্যর্থ হন। ১৩ ওভারে ৭৭ রানে ৬ উইকেট হারিয়ে কার্যত ব্যাকফুটে চলে যায় ভারত। তখন দায়িত্ব কাঁধে তুলে নেন অধিনায়ক সূর্যকুমার যাদব। অন্য প্রান্তে অক্ষর প্যাটেলকে নিয়ে ধীরে ধীরে ইনিংস গড়তে থাকেন তিনি।
শেষের দিকে সূর্যকুমারের বিধ্বংসী ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় ভারত। ১৯তম ওভারে একের পর এক চার-ছক্কায় ম্যাচের রাশ টেনে নেন অধিনায়ক। মন্থর পিচেও দারুণ টাইমিংয়ে শট খেলেন সূর্য। তাঁর ঝোড়ো ৮৪ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬১ রান তোলে ভারত।
জবাবে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লেতেই ধাক্কা খায় যুক্তরাষ্ট্র। শুরুতেই অ্যান্ড্রিস গাউস, মনাঙ্ক প্যাটেল ও সাইতেজা মুক্কামাল্লা আউট হয়ে গেলে ৬ ওভারে ৩১ রানে ৩ উইকেট হারায় তারা। পরে মিলিন্দ কুমার ও সঞ্জয় কৃষ্ণমূর্তি কিছুটা লড়াই দেখালেও ভারতের বোলারদের সামনে বেশিদূর টিকতে পারেননি।
ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেন মহম্মদ সিরাজ। দীর্ঘ বিরতির পর টি-২০ আন্তর্জাতিকে ফিরে তিন উইকেট তুলে নেন তিনি। আর্শদীপ সিং ও অক্ষর প্যাটেলও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে যুক্তরাষ্ট্রের ঘুরে দাঁড়ানোর আশা শেষ করে দেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৩২ রানেই থেমে যায় যুক্তরাষ্ট্র।
ফলে ২৯ রানে ম্যাচ জিতে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত। অধিনায়কের লড়াকু ইনিংস ও বোলারদের সম্মিলিত পারফরম্যান্সেই চাপের ম্যাচে দুই পয়েন্ট ঘরে তোলে টিম ইন্ডিয়া।


Leave feedback about this