জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সারাদেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও বেড়েছে রান্নার গ্যাসের দাম। শনিবার থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে, ফলে সাধারণ মানুষের রান্নাঘরের খরচ আরও বেড়ে গেল।
তেল বিপণন সংস্থাগুলির ঘোষণা অনুযায়ী, ১৪.২ কেজির গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম ৬০ টাকা বৃদ্ধি পেয়েছে। আগে যেখানে একটি সিলিন্ডারের দাম ছিল প্রায় ৮৫৩ টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৯১৩ টাকায়। একইসঙ্গে হোটেল ও রেস্তোরাঁয় ব্যবহৃত ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামও প্রায় ১১৫ টাকা বৃদ্ধি পেয়েছে।
এই মূল্যবৃদ্ধির ফলে সাধারণ পরিবারগুলির মাসিক বাজেটে অতিরিক্ত চাপ পড়তে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় হোটেল, রেস্তোরাঁ ও ছোট খাবারের দোকানগুলির পরিচালন ব্যয়ও বাড়বে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে এলপিজি সরবরাহ ও দামের উপর। ভারত যেহেতু এলপিজির বড় অংশ বিদেশ থেকে আমদানি করে, তাই বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লে দেশের বাজারেও তার প্রভাব পড়ে। এর ফলে সারাদেশের মতো ত্রিপুরাতেও রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।


Leave feedback about this