জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে অমরপুরের পাহাড়পুর কুঞ্জরাম জেবি স্কুল মাঠে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার উপস্থিতিতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হলো। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা উন্নয়ন, সুশাসন ও শান্তির পক্ষে মানুষের ঐক্যের ওপর জোর দেন। তিনি বলেন, নতুনবাজার-মালবাসা কেন্দ্র থেকে ৭০০ ভোটারের বিজেপিতে যোগদান মানুষের অগাধ বিশ্বাসের প্রতিফলন। এই যোগদান উন্নয়নমুখী রাজনীতির প্রতি জনসমর্থনকে আরও সুদৃঢ় করেছে বলেও উল্লেখ করেন তিনি।
মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প এবং রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নমূলক কাজের ওপর আস্থা রেখেই জনজাতি সমাজ আজ ঐক্যবদ্ধ হচ্ছে। এডিসি এলাকায় শান্তি, স্থিতিশীলতা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এই সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় বলেন, এই জনসমাগমই প্রমাণ করে জনজাতি সমাজ এখন উন্নয়ন ও সুশাসনের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। তিনি জানান, মথা সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ২০৩টি পরিবারের প্রায় ৭০০ জন ভোটার বিজেপিতে যোগদান করেছেন, যা আসন্ন নির্বাচনে দলের শক্তিকে আরও বাড়াবে।
সভা থেকে আগামী দিনে নতুনবাজার-মালবাসা সহ সমগ্র এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। একই সঙ্গে আসন্ন এডিসি নির্বাচনে বিজেপিকে জনজাতিদের আশা-আকাঙ্ক্ষার একমাত্র নির্ভরযোগ্য শক্তি হিসেবে তুলে ধরা হয়।
এদিনের কর্মসূচিতে বিধায়ক রঞ্জিত দাস, বিজেপি মনোনীত প্রার্থী অবিন্দ্র রিয়াং ও সদাগর কলুইসহ জেলা ও মন্ডল স্তরের একাধিক নেতা উপস্থিত ছিলেন।
সমগ্র কর্মসূচি ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ ও জনসমাগম লক্ষ্য করা যায়, যা নির্বাচনের আগে রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

