‘রাজনীতি নয়, ঐক্য প্রয়োজন’—মন কি বাতে মোদির বার্তা

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সতর্ক করে বলেন, গুজবের ফাঁদে পা না দিয়ে শুধুমাত্র সরকারের দেওয়া তথ্যের উপরই ভরসা রাখা উচিত। গুজব ছড়িয়ে দেশের ক্ষতি করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, বিশ্বজুড়ে পেট্রোল-ডিজেল নিয়ে একটি সংকট তৈরি হচ্ছে। তিনি বলেন, এই অঞ্চল ভারতের জ্বালানি চাহিদার একটি বড় কেন্দ্র হওয়ায় পরিস্থিতি চ্যালেঞ্জিং। তবে গত এক দশকে গড়ে ওঠা ভারতের কূটনৈতিক সম্পর্ক ও সক্ষমতা এই পরিস্থিতি মোকাবিলায় সাহায্য করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মোদি বলেন, কোভিড পরিস্থিতির মতোই দেশ এই চ্যালেঞ্জও সফলভাবে মোকাবিলা করবে। তিনি জানান, উপসাগরীয় দেশগুলিতে বসবাসকারী এক কোটিরও বেশি ভারতীয়কে সহায়তা করার জন্য সংশ্লিষ্ট দেশগুলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একইসঙ্গে সকল নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

এই ইস্যুতে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ না করারও আবেদন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ১৪০ কোটির দেশের স্বার্থের প্রশ্নে কোনও ধরনের স্বার্থপর রাজনীতির জায়গা নেই।

অনুষ্ঠানে ‘জ্ঞান ভারতম’ সমীক্ষার কথাও তুলে ধরেন মোদি। দেশের প্রাচীন পাণ্ডুলিপি সংরক্ষণে এই উদ্যোগে সাধারণ মানুষকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। জ্ঞান ভারতম অ্যাপের মাধ্যমে পাণ্ডুলিপির ছবি ও তথ্য শেয়ার করা যাচ্ছে বলে জানান তিনি।

এছাড়াও যুব সংগঠন ‘মাই ভারত’-এর ভূমিকার প্রশংসা করে মোদি বলেন, দেশের উন্নয়নে যুব সমাজকে যুক্ত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। সম্প্রতি আয়োজিত ‘বাজেট কুইজ’-এ প্রায় ১২ লক্ষ যুব অংশ নেয় বলেও তিনি জানান।

ক্রীড়া ক্ষেত্রেও ভারতীয়দের সাফল্যের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। টি-২০ বিশ্বকাপে ভারতের জয়ের পাশাপাশি জম্মু ও কাশ্মীর দলের প্রথমবার রঞ্জি ট্রফি জয়ের কথাও উল্লেখ করেন তিনি।

স্বাস্থ্য সচেতনতার উপর জোর দিয়ে মোদি চিনি ও তেলের ব্যবহার কমানোর পরামর্শ দেন। পাশাপাশি আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে ফিটনেসের উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

জল সংরক্ষণ নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি ত্রিপুরার জামপুই পাহাড়ের ওয়াংমুন গ্রামের উদাহরণ তুলে ধরে বলেন, কীভাবে বৃষ্টির জল সংরক্ষণ করে একটি গ্রাম জল সংকট কাটিয়ে উঠেছে।

এছাড়াও মৎস্যজীবী, সৌর শক্তি এবং পরিবেশ সংরক্ষণে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, দেশের উন্নয়নে সাধারণ মানুষের অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি। শেষে প্রধানমন্ত্রী সকলকে নিজেদের আশেপাশের অনুপ্রেরণামূলক গল্প শেয়ার করার আহ্বান জানান।

More like this
Related

মোহনপুরে চিন্ময়ী মূর্তি প্রতিষ্ঠা, মোহন ভাগবতের উপস্থিতিতে কুম্ভাভিষেক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার মোহনপুরে এক...

ঘর পুড়িয়ে লুট, পরিবারকে আশ্বাস মুখ্যমন্ত্রীর—নতুন বাড়ি দেবে সরকার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কচুবাড়িতে নির্বাচনের পর...

গড়িয়া পূজার উৎসবে মুখর ত্রিপুরা, নাজিরপুকুরে মেয়রের মঙ্গল কামনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার ত্রিপুরা জুড়ে...

সুখ-সমৃদ্ধির প্রার্থনায় গারিয়া পূজায় মেতেছে ত্রিপুরাবাসী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরাজুড়ে আজ গারিয়া...