৭ বছরে ২৩টি বাজার নির্মাণ, কৃষি পরিকাঠামোয় বড় দাবি মন্ত্রীর

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জে নবনির্মিত কৃষিপণ্য বাজার ভবনের উদ্বোধন করলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, পূর্ববর্তী সরকার কখনোই কৃষকদের স্বার্থে কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি, কিন্তু বর্তমান সরকারের আমলে কৃষকরা বাস্তব উপকারিতা পাচ্ছেন।

মন্ত্রী জানান, কৃষিই দেশের অর্থনীতির ভিত্তি এবং কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে রাজ্য সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। গত সাত বছরে বর্তমান সরকার শুধু সিপাহীজলা জেলাতেই ২৩টি বাজার নির্মাণ করেছে, যার ব্যয় হয়েছে প্রায় ৫৭ কোটি টাকা। তুলনামূলকভাবে পূর্ববর্তী সাত বছরে নির্মিত হয়েছিল মাত্র ছয়টি বাজার, ব্যয় ছিল প্রায় ৪ কোটি টাকা। এছাড়াও বিশালগড় মহকুমায় ১৫টি বাজার নির্মাণে ৩৫ কোটি টাকা ব্যয় হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

স্বয়ংসম্পূর্ণ রাজ্য গড়ার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য ও কেন্দ্র সরকার একযোগে কাজ করছে বলে জানান মন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র স্বয়ংসম্পূর্ণ ভারতের স্বপ্নের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা চাই স্বয়ংসম্পূর্ণ ত্রিপুরা। তা বাস্তবায়িত করতে হলে কৃষিকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।”

তিনি আরও বলেন, শুধু উৎপাদন বাড়ালেই হবে না, কৃষিপণ্যের সঠিক বাজারব্যবস্থাও নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যেই বাজার অবকাঠামো উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। এ বছর খাদ্যশস্য উৎপাদনে ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলেও তিনি জানান।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, তিনি জম্পুইজলার কৃষক লক্ষ্মণ রিয়াংকে সঙ্গে নিয়ে জার্মানিতে গিয়েছিলেন, যেখানে অর্গানিক কালি খাসা চাল, বাসমতি, বার্ডস আই চিলি, আদা ও হলুদসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়। ভারতের কৃষিক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, এক সময় ভারতকে বিদেশ থেকে ধান আমদানি করতে হতো, আর এখন দেশ সর্বাধিক ধান উৎপাদনকারী দেশগুলির মধ্যে অন্যতম। প্রধানমন্ত্রী ভারতকে বিশ্বের শস্যভান্ডার হিসেবে গড়ে তুলতে চান বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, সভাধিপতি সুপ্রিয়া দাস দত্তসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

পানিহাটিতে রোড-শোতে সুধাংশু দাস, রত্না দেবনাথের জয়ে আত্মবিশ্বাসী বিজেপি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারের অন্তিম...

ভবানীপুরে মহামিছিলে সুশান্ত চৌধুরী, শুভেন্দুর জয়ে আত্মবিশ্বাসী বিজেপি

জনতার কলম ওয়েবডেস্ক :- আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে...

কুলতলীতে বিজেপির শক্তি প্রদর্শন, ‘ভয়মুক্ত বাংলা’ গড়ার বার্তা

জনতার কলম ওয়েবডেস্ক :- রাজ্যে ‘ভয়মুক্ত বাংলা’ গড়ার অঙ্গীকার...

ভারত-নিউজিল্যান্ড এফটিএ ‘ঐতিহাসিক মাইলফলক’: মোদি, নতুন দিগন্তের ইঙ্গিত লাক্সনের

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার ভারত-নিউজিল্যান্ড...