জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল পুলিশ। শুক্রবার গভীর রাতে অভিযানে নেমে পাঁচ অভিযুক্তের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে ধর্মনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ রাগনা এলাকা থেকে জাহার উদ্দিন ওরফে সাব উদ্দিন (৪২)-কে আটক করা হয়। ধৃতের বাড়ি মঙ্গলখালি গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডে।
অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) ২০২৩-এর একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। মামলা নম্বর ২০২৬ DMN ০১৭ অনুযায়ী ৩৫১(৩), ১২৬(২), ১০৯(১), ১১৮(২), ৩ ও ৫ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এদিকে, এই ঘটনায় এখনও চার অভিযুক্ত পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন এলাকায় তল্লাশি জোরদার করেছে পুলিশ। ধর্মনগর থানার ওসি মিনা দেববর্মা জানান, খুব শীঘ্রই বাকি অভিযুক্তদেরও গ্রেপ্তার করা হবে। পাশাপাশি, এলাকাবাসীকে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
ঘটনার পর থেকেই মঙ্গলখালি এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। তদন্ত চলাকালীন প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।

