জনতার কলম ওয়েবডেস্ক:- ভারত থেকে বাংলাদেশে জ্বালানি সরবরাহের অংশ হিসেবে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে প্রায় ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাঠানো হচ্ছে। এই ডিজেল সরবরাহ শুরু হয়েছে অসমের নুমালীগড় রিফিনেরি লিমিটেড থেকে এবং এটি বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুর ডিপোতে পৌঁছাবে বলে জানা গেছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনএর কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল বিকেল ৩টা ২০ মিনিটে পাইপলাইনের মাধ্যমে ডিজেল পাম্পিং শুরু হয়েছে। প্রতি ঘণ্টায় প্রায় ১১৩ মেট্রিক টন হারে জ্বালানি পাঠানো হচ্ছে এবং পুরো চালানটি প্রায় ৪৪ ঘণ্টার মধ্যে পার্বতীপুরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বাণিজ্য ও অপারেশন বিভাগের জেনারেল ম্যানেজার মুহাম্মদ মোর্শেদ হোসাইন আজাদ জানান, আগামীকাল সন্ধ্যার মধ্যে সম্পূর্ণ ডিজেল সরবরাহ সম্পন্ন হবে বলে ধারণা করা হচ্ছে।
১৩১ কিলোমিটার দীর্ঘ এই আন্তঃসীমান্ত পাইপলাইনটি ভারতের শিলিগুড়ি মার্কেটিং টার্মিনালকে বাংলাদেশের পার্বতীপুর ডিপোর সঙ্গে যুক্ত করেছে। ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে চালু হওয়া এই পাইপলাইন দ্রুত ও কম খরচে জ্বালানি পরিবহনের সুবিধা নিশ্চিত করেছে। এর আগে রেলওয়ের ওয়াগনের মাধ্যমে বাংলাদেশে ডিজেল পাঠানো হতো।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর চেয়ারম্যান মুহাম্মদ রেজানুর রহমান জানান, দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ভারত প্রতি বছর প্রায় ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে সরবরাহ করে।
বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ায় চলমান ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে এই সরবরাহ বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ও কৃষি খাতে জ্বালানির মজুত বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে একই পাইপলাইনের মাধ্যমে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির প্রস্তাবও বাংলাদেশ দিয়েছে বলে জানা গেছে, যা বর্তমানে বিবেচনাধীন রয়েছে।


Leave feedback about this