জনতার কলম স্পোর্টস ডেস্ক :- পুরুষদের ক্রিকেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে সিরিজ জয় করল ভারত। গতকাল রাতে কেরালার তিরুবনন্তপুরমে অবস্থিত গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৪৬ রানে ব্ল্যাক ক্যাপসদের পরাজিত করে মেন ইন ব্লু।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। নির্ধারিত ২০ ওভারে ভারত তোলে ৫ উইকেটে ২৭১ রান। দুর্দান্ত ব্যাটিংয়ে ইশান কিষান ১০৩ রান করে সর্বোচ্চ স্কোরার হন। অধিনায়ক সূর্যকুমার যাদব করেন ঝকঝকে ৬৩ রান।
বিশাল লক্ষ্যের জবাবে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ চাপে পড়ে যায়। দলটি শেষ পর্যন্ত ২২৫ রানে অলআউট হয়ে যায়। ওপেনার ফিন অ্যালেন ৩৮ বলে ৮০ রানের ঝড়ো ইনিংস খেললেও তা দলকে জয়ের পথে নিয়ে যেতে পারেনি।
ভারতের হয়ে বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন আর্শদীপ সিং, তিনি একাই নেন ৫টি উইকেট। এছাড়াও অক্ষর প্যাটেল দখল করেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট।
ম্যাচ শেষে ইশান কিষান ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। ধারাবাহিক ভালো পারফরম্যান্সের জন্য ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ পুরস্কারে ভূষিত হন।
এই সিরিজ জয়ের মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের আধিপত্য আরও একবার প্রমাণিত হলো বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের।

