Site icon janatar kalam

১৩ মার্চের আগে জোর প্রস্তুতি: বাজেট বরাদ্দ নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন বাজেট অধিবেশনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিলেন ত্রিপুরার পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সোমবার রাজ্য সচিবালয়ে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়।

২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট অধিবেশন আগামী ১৩ মার্চ থেকে শুরু হবে। তার আগে নিজ দায়িত্বপ্রাপ্ত দপ্তরগুলির প্রস্তাবিত আর্থিক বরাদ্দ নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন সুশান্ত চৌধুরী। বৈঠকটি অর্থমন্ত্রীর দপ্তর কক্ষে অনুষ্ঠিত হয়।

আলোচনায় চলতি অর্থবর্ষের সম্ভাব্য আয়-ব্যয়, ২০২৫-২৬ সালের সাময়িক সংশোধিত হিসাব (রিভাইজড এস্টিমেট) এবং ২০২৬-২৭ সালের বাজেট প্রাক্কলন (বাজেট এস্টিমেট) নিয়ে বিশদ পর্যালোচনা করা হয়। পরিবহন, পর্যটন, খাদ্য, নাগরিক সরবরাহ ও ভোক্তা বিষয়ক দপ্তরের খাতভিত্তিক বরাদ্দ ও তহবিলের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।

মন্ত্রী জানান, আসন্ন অর্থবর্ষের সম্ভাব্য আয়-ব্যয়ের পরিসংখ্যান, পরিকল্পনা ও অগ্রাধিকার সংক্রান্ত প্রস্তাব তিনি অর্থমন্ত্রীর কাছে উপস্থাপন করেছেন।

অধিকারিক সূত্রে জানা গেছে, বিধানসভায় বাৎসরিক বাজেট পেশের আগে অর্থ দপ্তরের উদ্যোগে এ ধরনের প্রাক-বাজেট বৈঠক নিয়মিত প্রক্রিয়ার অংশ। চলতি বছরের সংশোধিত হিসাব এবং আগামী বছরের সম্ভাব্য ব্যয়ের চাহিদা জমা দেওয়ার ভিত্তিতেই চূড়ান্ত বরাদ্দ নির্ধারণ করা হয়।

Exit mobile version