জনতার কলম ওয়েবডেস্ক :- আসন্ন নির্বাচনের আগে নিজের রাজনৈতিক যাত্রা ও বিরোধীদের কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, মাত্র ২৬ বছর বয়সে প্রথমবার নির্বাচনে লড়েছিলেন তিনি, যদিও সেই নির্বাচনে প্রায় ১২ হাজার ভোটে পরাজিত হন। এরপর ২০০১ সালে একই ব্যবধানে জয় পান। ২০০৬ সালে প্রায় ২৪ হাজার, ২০১১ সালে প্রায় ৪৫ হাজার ভোটে জয়ী হন তিনি। সর্বশেষ নির্বাচনে প্রায় ১ লক্ষ ভোটে জয়লাভ করেন এবং প্রায় ৮০ শতাংশ ভোট অর্জন করেন বলে জানান মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, “আমি পরাজয়কে জয়ে পরিণত করেছি এবং তারপর থেকে ক্রমাগত জয়ের ব্যবধান বাড়িয়েছি। এবারের নির্বাচনেও আমি একই কেন্দ্র থেকে লড়ব এবং ভালো ব্যবধানে জয়ী হব বলে আশাবাদী।”
বিরোধী দল ও জোট প্রসঙ্গে কটাক্ষ করে তিনি বলেন, “জোট গঠন হয়েছে গতকাল রাতে, আর আজই মনোনয়ন জমা দেওয়া হচ্ছে। মানুষ এটি বুঝতে সময় নেবে। যদি তারা প্রভাব ফেলতে চাইত, তবে অন্তত এক মাস আগে এই জোট গঠন করা উচিত ছিল। এখন আর তারা কী করতে পারবে?”
এছাড়াও কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, যদি কোনও বড় নেতা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন, তাহলে তা কংগ্রেস নেতৃত্বের ব্যর্থতারই প্রমাণ। তাঁর মতে, অসমে কংগ্রেস নেতৃত্ব ভেঙে পড়ার অবস্থায় রয়েছে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

