Site icon janatar kalam

বাণিজ্যে নতুন দিগন্ত: ভারত–জিসিসি ফ্রি ট্রেড ডিলের পথে বড় পদক্ষেপ

জনতার কলম ওয়েবডেস্ক :- ভারত ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC)-এর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) স্বাক্ষরের পথে বড় অগ্রগতি হল। আজ নয়াদিল্লিতে উভয় পক্ষের মধ্যে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্টের টার্মস অফ রেফারেন্স (ToR) স্বাক্ষরিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়াল বলেন, ছ’টি জিসিসি দেশের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি আরেকটি বড় আন্তর্জাতিক বাণিজ্য করিডোর খুলে দেবে। তিনি জানান, ভারত খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের ঘোষণা করবে। পীযূষ গোয়ালের কথায়, ভারত–আমেরিকা দ্বিপাক্ষিক চুক্তিটি হবে ভারতের নবম মুক্ত বাণিজ্য চুক্তি (FTA)।

মন্ত্রী বলেন, ভারত ও জিসিসি দেশগুলোর মধ্যে এখন আনুষ্ঠানিক মুক্ত বাণিজ্য চুক্তিতে প্রবেশের উপযুক্ত সময় এসেছে। তাঁর মতে, ভারত–জিসিসি এফটিএ ভারতের শক্তি উৎসের বৈচিত্র্য বৃদ্ধি, দীর্ঘমেয়াদি সরবরাহ নিরাপত্তা জোরদার এবং বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

পীযূষ গোয়াল জানান, বর্তমানে ভারত ও জিসিসি দেশগুলোর মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ১৭০ বিলিয়ন মার্কিন ডলার, এবং প্রায় ১ কোটি ভারতীয় নাগরিক জিসিসি দেশগুলিতে বসবাস ও কাজ করেন। তিনি আরও বলেন, এই মুক্ত বাণিজ্য চুক্তির ফলে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ, পরিকাঠামো, পেট্রোকেমিক্যাল ও আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) খাত বিশেষভাবে লাভবান হবে এবং দু’পক্ষের সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে পৌঁছাবে।

Exit mobile version