জনতার কলম ওয়েবডেস্ক :- ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রীয় অংশে একাধিক সামরিক স্থাপনায় বড়সড় হামলা চালিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)। আইডিএফ জানিয়েছে, এই অভিযানে ইরানের সামরিক অবকাঠামোর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে একযোগে আঘাত হানা হয়েছে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে আইডিএফ জানায়, হামলার লক্ষ্য ছিল ইরান সরকারের সঙ্গে যুক্ত অস্ত্র সংরক্ষণ ও উৎপাদন কেন্দ্রগুলি। পাশাপাশি অস্থায়ী কমান্ড সেন্টার, যেখানে শীর্ষ কমান্ডাররা অবস্থান করছিলেন বলে দাবি করা হয়েছে, সেগুলিও ধ্বংস করা হয়েছে।
এই হামলায় ব্যালিস্টিক মিসাইল ঘাঁটি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং নজরদারি পোস্টগুলিও টার্গেট করা হয়েছে বলে জানানো হয়েছে।
এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সতর্কবার্তা দিয়ে জানিয়েছিল, সাম্প্রতিক সময়ে ইরানের শিক্ষা ও ঐতিহ্যবাহী স্থানে হামলার জেরে পশ্চিম এশিয়ায় মার্কিন ও ইসরায়েলি স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করা হতে পারে।
এই ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

