চিকিৎসায় দক্ষ হতে গেলে নিতে হবে চ্যালেঞ্জ: মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ ও আইজিএম হাসপাতালের যৌথ উদ্যোগে ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবাগত ছাত্রছাত্রীদের নবীনবরণ উৎসব ‘সিনারজি-১০’ উদ্‌যাপিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, একজন চিকিৎসককে প্রতিনিয়ত ব্যবহারিক অভিজ্ঞতার মধ্য দিয়ে নিজেকে গড়ে তুলতে হয়। যত বেশি চ্যালেঞ্জ গ্রহণ করা যায়, ততই একজন চিকিৎসক অভিজ্ঞ ও দক্ষ হয়ে ওঠেন। 

নবাগত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, কেবল পাঠ্যবইয়ের জ্ঞান নয়, প্রকৃত ও ব্যবহারিক জ্ঞান অর্জনের দিকেও সমানভাবে গুরুত্ব দিতে হবে। চিকিৎসা বিদ্যায় শেখার শেষ নেই, জানারও শেষ নেই। গতানুগতিকতার বাইরে গিয়ে নিজেকে আপডেট রাখা জরুরি। তিনি দন্ত চিকিৎসাবিদ্যার বিভিন্ন ব্যবহারিক দিক তুলে ধরে বলেন, ভালো দন্ত চিকিৎসক হতে হলে এনাটমি, ওরাল সার্জারি ও ওরাল প্যাথোলজি বিষয়ে গভীর জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি একটি ভালো ‘ক্লিনিক্যাল আই’ থাকতে হবে। 

কলেজে সুস্থ শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, জুনিয়র ছাত্রছাত্রীদের সিনিয়রদের সম্মান করা উচিত এবং সিনিয়রদেরও জুনিয়রদের স্নেহ ও সহানুভূতির সঙ্গে আগলে রাখতে হবে। এতে ছাত্রছাত্রীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে এবং পড়াশোনার পরিবেশ আরও সুন্দর হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘পরীক্ষা পে চর্চা’ কর্মসূচির প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, পড়াশোনার সময় নিজেকে চাপমুক্ত রাখা এবং শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তির সঠিক ব্যবহার অত্যন্ত জরুরি। 

মুখ্যমন্ত্রী আরও জানান, আগে রাজ্যের আর্থিকভাবে দুর্বল মেধাবী ছাত্রছাত্রীদের বাইরে গিয়ে বিডিএস পড়তে হত। বর্তমানে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজে বিডিএস কোর্সে ৬৩টি আসন রয়েছে। রাজ্য সরকার এই প্রতিষ্ঠানকে দেশের অন্যতম সেরা ডেন্টাল কলেজে পরিণত করতে উদ্যোগী। শিক্ষার পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় পিএম ডিভাইন প্রকল্পের আওতায় ২০২ কোটি টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণের কাজ চলছে। ভবিষ্যতে রাজ্যকে একটি মেডিক্যাল এডুকেশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যেও সরকার কাজ করছে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্যে বলেন, আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ ইতিমধ্যেই দন্ত চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে দেশজুড়ে সুনাম অর্জন করেছে। মুখ্যমন্ত্রীর ঐকান্তিক উদ্যোগে মাত্র ৯ মাসের মধ্যে এই কলেজ প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। রাজ্যকে মেডিক্যাল শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকারের নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা. দেবাশ্রী দেববর্মা এবং মেডিক্যাল এডুকেশন দপ্তরের অধিকর্তা ডা. হরপ্রসাদ শর্মা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের প্রিন্সিপাল ডা. শালু রায়। ধন্যবাদজ্ঞাপন করেন কলেজের একাডেমিক ইনচার্জ ডা. পূজা দেবনাথ। নবীনবরণ অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

লংতরাই ভ্যালিতে বিজেপির শক্তি প্রদর্শন, মনোনয়নে জনজাতির ঢল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ধলাই জেলার...

মোদির সঙ্গে সাক্ষাৎ করে সম্মানিত যীষ্ণু দেববর্মণ, সোশ্যাল মিডিয়ায় বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে...

মনোনয়ন জমায় জনউচ্ছ্বাস, সিপিএমকে কড়া আক্রমণ রতনের 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা স্বশাসিত জেলা...

পেট্রোল-ডিজেল ও গ্যাস নিয়ে বৈঠক, আতঙ্ক না ছড়ানোর আহ্বান খাদ্যমন্ত্রীর 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে জ্বালানির সরবরাহ...