জনতার কলম স্পোর্টসডেস্ক :-বাংলাদেশে আসন্ন আইপিএল সম্প্রচার নিয়ে আর কোনো বাধা নেই বলে জানালেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী জাহির উদ্দিন স্বপন। তিনি স্পষ্ট করে বলেন, খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশানো উচিত নয় এবং আইপিএল সম্প্রচারকে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকেই দেখা হবে।
এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছিলেন, পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বপন বলেন, “আইপিএল সম্প্রচারের জন্য এখনো কেউ আমাদের কাছে আবেদন করেনি। তবে কেউ আবেদন করলে আমরা তা ইতিবাচকভাবে বিবেচনা করব।”
স্টার স্পোর্টস আইপিএল সম্প্রচার করতে পারবে কি না—এ প্রশ্নে মন্ত্রী জানান, “আমরা কাউকে বাধা দেব না। স্টার স্পোর্টস চাইলে তারা সম্প্রচার করতে পারবে। আমাদের দেশের কোনো চ্যানেল চাইলে তাদের আবেদনও ইতিবাচকভাবে দেখা হবে, তবে আমরা কাউকে জোর করব না।”
বাংলাদেশ কেবল অপারেটর অ্যাসোসিয়েশনের অফিস সেক্রেটারি রেজাউল করিম লাবলুও জানিয়েছেন, সরকার থেকে কোনো নির্দেশনা না থাকায় স্টার স্পোর্টস আইপিএল সম্প্রচার করলে তাতে বাধা দেওয়া হবে না।
তিনি বলেন, “বর্তমান সরকারের পক্ষ থেকে আমাদের আইপিএল বন্ধ করার কোনো নির্দেশ দেওয়া হয়নি। আগের সরকারের নির্দেশনার এখন আর কোনো কার্যকারিতা নেই। তবে নতুন করে সরকার নির্দেশ দিলে আমরা তা মেনে চলব।”
উল্লেখ্য, অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন পূর্ববর্তী সরকার বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করেছিল।

