Site icon janatar kalam

‘দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন’—এআই সামিট ইস্যুতে কংগ্রেসকে নিশানা বিজেপির

জনতার কলম ওয়েবডেস্ক :- নয়াদিল্লিতে আয়োজিত ‘ইন্ডিয়া এআই সামিট’-এ যুব কংগ্রেস কর্মীদের বিক্ষোভকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ছড়াল। এই ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এআই সামিট গোটা দেশের গর্বের বিষয়। এমন একটি আন্তর্জাতিক মানের অনুষ্ঠানে বিক্ষোভ দেখিয়ে কংগ্রেস দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে অভিযোগ তাঁর। সুধাংশু ত্রিবেদীর দাবি, এটি শুধু রাজনৈতিক বিরোধিতা নয়, বরং দেশের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল।

তিনি আরও বলেন, কংগ্রেসের এই পদক্ষেপ অত্যন্ত লজ্জাজনক এবং দেশের মানুষ এই আচরণে ক্ষুব্ধ। কংগ্রেস নেতা রাহুল গান্ধী-র মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি কটাক্ষ করে বলেন, দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। তাঁর অভিযোগ, রাজনৈতিক স্বার্থে আন্তর্জাতিক মঞ্চকেও ছাড়ছে না বিরোধী দল।

উল্লেখ্য, ইন্ডিয়া এআই সামিট চলাকালীন যুব কংগ্রেসের কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। যদিও কংগ্রেসের তরফে এখনও এ বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে ঘটনাকে কেন্দ্র করে দিল্লির রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

Exit mobile version