Site icon janatar kalam

দিল্লিতে বড় সিদ্ধান্ত! ইস্টার্ন নাগাল্যান্ডের জন্য ফ্রন্টিয়ার অথরিটির অনুমোদন

জনতার কলম ওয়েবডেস্ক :- কেন্দ্রীয় সরকার, নাগাল্যান্ড রাজ্য সরকার এবং ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস’ অর্গানাইজেশন (ENPO)-এর মধ্যে ফ্রন্টিয়ার নাগাল্যান্ড টেরিটোরিয়াল অথরিটি (FNTA) গঠনের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে এই চুক্তি সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও।

চুক্তি স্বাক্ষরের সময় অমিত শাহ বলেন, নাগাল্যান্ডবাসীর জন্য এটি একটি ঐতিহাসিক দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংঘাতমুক্ত, সহিংসতামুক্ত ও উন্নত উত্তর-পূর্ব ভারতের যে স্বপ্ন, তার পথে এটি এক গুরুত্বপূর্ণ অগ্রগতি। তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা ENPO ও নাগাল্যান্ড সরকারের মধ্যে সেতুবন্ধনের ভূমিকা পালন করেছেন, যার ফলেই এই সমাধান সম্ভব হয়েছে। পাশাপাশি তিনি ইস্টার্ন নাগাল্যান্ডের জনগণের উন্নয়নে কেন্দ্রীয় সরকারের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।

অন্যদিকে, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও বলেন, এই ঐতিহাসিক চুক্তি রাজ্যের প্রতিটি অঞ্চলে সমান ও অন্তর্ভুক্তিমূলক শাসন নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন। তিনি আরও বলেন, রাজ্যের প্রত্যন্ত অঞ্চলগুলির উন্নয়নে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Exit mobile version