জনতার কলম ওয়েবডেস্ক :- দেশে বাণিজ্যিক এলপিজি গ্যাসের সম্ভাব্য ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন আরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন তিনি বলেন, বর্তমানে সারা দেশেই এলপিজি গ্যাসের তীব্র সঙ্কট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং এর মূল কারণ প্রতিদিনের উৎপাদনে বড় ধরনের পতন।
আম আদমি পার্টির আহ্বায়ক কেজরিওয়ালের দাবি, দেশে প্রতিদিনের এলপিজি উৎপাদন প্রায় ৫০ শতাংশ কমে গেছে। তিনি বলেন, ভারতের ব্যবহৃত এলপিজির প্রায় ৬০ শতাংশই আমদানি করা হয় এবং তার প্রায় ৯০ শতাংশ আসে স্ট্রেইট অফ হড়মুজ হয়ে। সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতির কারণে এই সরবরাহেও প্রভাব পড়েছে বলে তিনি জানান।
তার মতে, এই সঙ্কটের সরাসরি প্রভাব পড়ছে হোটেল, রেস্তোরাঁ এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের উপর। কেজরিওয়াল দাবি করেন, মুম্বাইয়ে ইতিমধ্যে প্রায় ২০ শতাংশ হোটেল ও রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে এবং আগামী দু’দিনের মধ্যে প্রায় ৫০ শতাংশ প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে বিয়ের মরশুম চলছে। যদি এই সঙ্কট দীর্ঘস্থায়ী হয়, তাহলে অনেক পরিবারকে বিয়ের অনুষ্ঠান পিছিয়ে দিতে হতে পারে। পাশাপাশি তিনি এলপিজির কালোবাজারির বিষয়টিকেও বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন।
আন্তর্জাতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইরানের উপর ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটস এর সাম্প্রতিক হামলার প্রভাবও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় পড়েছে। কেজরিওয়ালের অভিযোগ, গত ৭৫ বছর ধরে ভারতের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে থাকা নিরপেক্ষ নীতি কয়েক দিনের মধ্যেই ভেঙে দেওয়া হয়েছে।

